ওয়েব ডেস্ক; ২৮ জুলাই : ২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস নিয়ন্ত্রণের লক্ষ্যে ভারত ধারাবাহিকভাবে স্বাস্থ্য পরিষেবা আরও সহজলভ্য করছে।
জাতীয় ভাইরাল হেপাটাইটিস নিয়ন্ত্রণ কর্মসূচির মাধ্যমে সংক্রমণ রোধ, পরীক্ষা, বিনামূল্যে ওষুধ ও রোগ নির্ণয়ের ব্যবস্থা করা হয়েছে।
হেপাটাইটিস কি?
হেপাটাইটিস হল যকৃতের প্রদাহ। হেপাটাইটিস ভাইরাস ছাড়াও অন্যান্য সংক্রমণ, মদ্যপান, কিছু ওষুধ এবং অটোইমিউন রোগের কারণে এটি হতে পারে।
হেপাটাইটিসের পাঁচটি প্রধান ধরন রয়েছে। এর মধ্যে বি ও সি ধরনের সংক্রমণ দীর্ঘমেয়াদী অসুস্থতা, লিভার সিরোসিস এবং লিভার ক্যানসারের কারণ হতে পারে। ভারতে হেপাটাইটিস জনস্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ সমস্যা।
২০১৮ সালে কেন্দ্র সরকার জাতীয় ভাইরাল হেপাটাইটিস নিয়ন্ত্রণ কর্মসূচি শুরু করে। এই কর্মসূচির মাধ্যমে পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এটি রাষ্ট্রপুঞ্জের সুস্থায়ী উন্নয়ন লক্ষ্যের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।
জাতীয় ভাইরাল হেপাটাইটিস নিয়ন্ত্রণ কর্মসূচি
এই কর্মসূচিতে সচেতনতা বৃদ্ধি, সংক্রমণ প্রতিরোধ, রোগ নির্ণয় এবং চিকিৎসার উপর জোর দেওয়া হয়েছে।
এতে হেপাটাইটিস এ, বি, সি, ডি এবং ই ধরনের সংক্রমণ অন্তর্ভুক্ত।
হেপাটাইটিস এ ও ই সাধারণত স্বল্পমেয়াদী এবং প্রাদুর্ভাবের প্রবণতা রয়েছে।
এই সংক্রমণের নজরদারি সমন্বিত রোগ পর্যবেক্ষণ কর্মসূচির মাধ্যমে করা হয়।
হেপাটাইটিস বি ও সি-র চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যক্তিদের বিনামূল্যে পরীক্ষা ও ওষুধ দেওয়া হয়।
রোগী পরিচালনা ও নজরদারির জন্য এনভিএইচসিপি-এমআইএস পোর্টাল ব্যবহার করা হয়।
২০২১ সালের এইচআইভি সেন্টিনেল সার্ভের তথ্য অনুযায়ী, ০.৮৫ শতাংশ মানুষের মধ্যে হেপাটাইটিস বি এবং ০.২৯ শতাংশ মানুষের মধ্যে হেপাটাইটিস সি ধরা পড়েছে।
অন্যান্য জাতীয় কর্মসূচির ভূমিকা
প্রজনন, মাতৃ ও শিশু স্বাস্থ্য কর্মসূচির আওতায় সব গর্ভবতী মহিলার হেপাটাইটিস বি পরীক্ষা করা হয়।
সর্বজনীন টিকাকরণ কর্মসূচির মাধ্যমে সব নবজাতককে জন্মের ২৪ ঘণ্টার মধ্যে হেপাটাইটিস বি টিকা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।
হেপাটাইটিস বি-তে আক্রান্ত মায়ের সন্তানের জন্য হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবিউলিনও দেওয়া হয়।
জাতীয় এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির মাধ্যমে উচ্চ ঝুঁকিপূর্ণ মানুষজনের হেপাটাইটিস বি ও সি পরীক্ষা করা হয়।
স্বাস্থ্যকর্মী এবং ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর হেপাটাইটিস বি টিকাকরণও করা হয়।
জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচির যন্ত্র ব্যবহার করে মলিকিউলার পরীক্ষা করা হয়।
রক্তদান পরিষেবার মাধ্যমে হেপাটাইটিস বি বা সি শনাক্ত হলে পরবর্তী চিকিৎসার সঙ্গে যুক্ত করা হয়।
এই কর্মসূচির টোল-ফ্রি নম্বর ১৮০০-১১-৬৬৬৬।
এই নম্বরে সংক্রমণ, প্রতিরোধ, চিকিৎসা এবং পরিষেবা সম্পর্কে তথ্য পাওয়া যায়।
হেপাটাইটিস মোকাবিলায় ভারতের উদ্যোগ
২০১৮ সাল থেকে সারা দেশে হেপাটাইটিস বি ও সি-র বিনামূল্যে পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। স্বল্পমূল্যের জেনেরিক ওষুধ, সরকারি অর্থায়ন এবং চলতি স্বাস্থ্যবিষয়ক কর্মসূচির মাধ্যমে পরিষেবা আরও বিস্তৃত হয়েছে। এখন জেলা হাসপাতালের পাশাপাশি, স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রেও পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা পৌঁছে দেওয়া হচ্ছে। ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর লক্ষ্য অনুযায়ী এই উদ্যোগ দেশের প্রতিটি মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিচ্ছে।
