ওয়েব ডেস্ক; ৩০ জুলাই : ২০১০-২৩-এর মধ্যে কাঠামোগত এবং প্রতিযোগিতা সহায়ক পরিবেশ তৈরির লক্ষ্যে সংস্কারমূলক উদ্যোগের নিরিখে ভারতের স্থান ৮২তম থেকে উঠে হয়েছে ৫৭তম। কম্পিটারে ফাউন্ডেশনের এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। এই সমীক্ষায় বাজারে প্রতিবন্ধকতা দূরীকরণ সূচকের ভিত্তিতে পর্যালোচনা হয়েছে।

নতুন দিল্লির ইন্ডিয়া হ্যাবিট্যাট সেন্টারে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেডের সেন্টার ফর ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ল এবং কম্পিটার ফাউন্ডেশন ফর ট্রেড অ্যান্ড কম্পিটিশন পলিসি আয়োজিত এক আলোচনাসভায় এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

সম্পদের অধিকার রক্ষা, অভ্যন্তরীণ বাজারে প্রতিযোগিতা এবং বিশ্বের বাজারে প্রতিযোগিতা – এই তিনদিক থেকেই পর্যালোচনা হয়েছে ঐ প্রতিবেদনে। সেখানে পণ্য ও পরিষেবা কর, দেউলিয়া বিধি সহ সরকারের বাণিজ্য সহায়ক নানা উদ্যোগের প্রসঙ্গ তুলে ধরা হয়েছে।

উদ্বোধনী অধিবেশনে স্বাগত ভাষণ দেন সেন্টার ফর ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ল-এর প্রধান, অধ্যাপক ডঃ জেমস জে নেদুম্পারা। মূল ভাষণ দেন কেন্দ্রশাসিত লাদাখের নির্বাচন কমিশনার শ্রী সুধাংশু পান্ডে। এরপর, সংশ্লিষ্ট প্রতিবেদনটির মূল বিষয়গুলি তুলে ধরেন কম্পিটারে ফাউন্ডেশন ফর ট্রেড অ্যান্ড কম্পিটিশন পলিসির প্রেসিডেন্ট শঙ্কর সিংঘম।

প্রতিযোগিতা সংক্রান্ত নীতি প্রণয়নে তথ্য-ভিত্তিক পর্যালোচনার গুরুত্ব উঠে এসেছে প্রতিবেদনে। কল্যাণমূলক কর্মসূচির শর্ত হিসেবে বিনিয়োগের বিষয়ে ক্ষেত্র-ভিত্তিক নিয়ন্ত্রণের দিকগুলিকেও মাথায় রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *