ওয়েব ডেস্ক; ১ আগস্ট: আয়ুষ পরিমণ্ডলকে শক্তিশালী করতে উদ্ভূত প্রযুক্তির ব্যবহারে উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে আয়ুষ মন্ত্রক এবং ইন্ডিয়া এআই সমঝোতাপত্রে স্বাক্ষর করেছে। আয়ুষ ক্ষেত্র জুড়ে কৃত্রিম মেধার প্রসারে এই উদ্যোগ।
সমঝোতা পত্রে স্বাক্ষর করেন আয়ুষ মন্ত্রকের যুগ্ম সচিব ও চিফ ভিজিলেন্স আধিকারিক ডঃ কবিতা জৈন এবং ইন্ডিয়া এআই মিশনের চিফ অপারেটিং অফিসার সুদীপ শ্রীবাস্তব। আয়ুষ মন্ত্রক এবং বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের আধিকারিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ডঃ কবিতা জৈন আয়ুষ মন্ত্রকের গবেষণা ও উদ্ভাবন প্রসারের ক্ষেত্রে কৃত্রিম মেধা সম্ভাবনা দিকের ওপর আলোকপাত করেন। তিনি বলেন যে, আয়ুষের সঙ্গে কৃত্রিম মেধার সমন্বয় সাক্ষ্যভিত্তিক গবেষণার নতুন পথ খুলে দেবে।
সুদীপ শ্রীবাস্তব ভারতীয় প্রথাগত জ্ঞানের সঙ্গে আধুনিক প্রযুক্তির সমন্বয়ের ওপরে গুরুত্ব দেন। প্রথাগত স্বাস্থ্য পরিষেবা ডেটা বেসে এআই কোষকে সমৃদ্ধ করে তোলার লক্ষ্যে ইন্ডিয়া এআই এবং আয়ুষ মন্ত্রকের মধ্যে এই সমঝোতা পত্র এক উল্লেখযোগ্য পদক্ষেপ। এতে গবেষক ও ব্যবহারকারী উভয়েই উপকৃত হবেন বলে তিনি জানান।
প্রযুক্তি বান্ধব আয়ুষ পরিমণ্ডল গড়ে তোলার লক্ষ্যে এই সহযোগিতা এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই সমঝোতার ফলে জিপিইউ ভিত্তিক উচ্চ ফলদায়ী কম্পিউটিং পরিকাঠামোকে ইন্ডিয়া এআই উদ্যোগের অধীন অনেক সাশ্রয়ী মূল্যে ব্যবহার করা যাবে। এর ফলে আরও বেশি উদ্ভাবনী সাক্ষ্যভিত্তিক এবং ভবিষ্যতের উপযোগী আয়ুষ পরিমন্ডল গড়ে তোলা সম্ভব হবে।
