ওয়েব ডেস্ক; ৭ আগস্ট : ভারতের উত্তর-পূর্ব সীমান্তে চোরাচালান ও মাদক পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (ডিআরআই)। আসাম ও মিজোরামে একাধিক অভিযান চালিয়ে ১৫ কেজি মেথামফেটামিন ট্যাবলেট, প্রায় ১১ মেট্রিক টন বিদেশী পোস্তবীজ এবং ১০ মেট্রিক টন বিদেশী সুপারি উদ্ধার করেছে।
আইজল থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে আইজল-চম্পাই রোডে গতকাল একটি অ্যাম্বুল্যান্স আটক করেন ডিআরআই আধিকারিকরা। অ্যাম্বুল্যান্সটি থেকে ১৫ কেজি গোলাপি–কমলা রঙের ইটের আকারের ১৫টি প্যাকেট উদ্ধার করা হয়। মেথামফেটামিন ট্যাবলেটের এই প্যাকেটগুলি মায়ানমার থেকে মিজোরামে পাচার করা হচ্ছিল। অ্যাম্বুল্যান্স চালক ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। মেথামফেটামিন ট্যাবলেট সাধারণত “ইয়াবা” নামে পরিচিত।
৫ ও ৬ অগাস্ট মধ্যরাতে আসাম রাইফেলসের সহায়তার ডিআরআই আধিকারিকরা করিমগঞ্জ জেলার বদরপুরে একটি গুদামে তল্লাশি চালিয়ে প্রায় ১১ মেট্রিক টন বিদেশী পোস্ত বীজ উদ্ধার করেন। এর বাজার মূল্য প্রায় ১.৬৭ কোটি টাকা।
এর আগে ৫ অগাস্ট ডিআরআই আধিকারিকরা রঙ্গিয়া রেল স্টেশনে একটি ট্রেনের পার্সেল ভ্যান থেকে ১০ মেট্রিক টন বিদেশী সুপারি উদ্ধার করেন।
