ওয়েব ডেস্ক; ১১ আগস্ট: আইসিএমআর পরিচালিত শাইন(SHINE-সায়েন্স অ্যান্ড হেলথ ইনোভেশন ফর নেক্সট জেন এক্সপ্লোরার্স) কর্মসূচির দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। স্বাস্থ্য গবেষণা দফতর এবং আইসিএমআর-এর যৌথ উদ্যোগে বিভিন্ন গবেষণাগারে নবম থেকে দ্বাদশ শ্রেণির স্কুল পড়ুয়াদের প্রত্যক্ষভাবে এ সংক্রান্ত কাজকর্মের বিষয়ে অভিজ্ঞতা অর্জনের সুযোগ মিলছে। আজ এবং আগামীকাল দেশের ৮৩ টি জায়গায় বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে এর আয়োজন করা হয়েছে।
এই উপলক্ষে পড়ুয়াদের বিশেষ বার্তা দেন স্বাস্থ্য গবেষণা দফতর এবং আইসিএমআরের মহানির্দেশক ডঃ রাজীব বহল। ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। আইসিএমআরের কর্মকাণ্ড বিষয়ে একটি প্রদর্শনীরও তিনি উদ্বোধন করেন।
আইসিএমআরের ‘শাইন’ ওয়েবসাইট (shine.icmr.org.in) –এরও আজ সূচনা হয়। এখানে পড়ুয়ারা স্বাস্থ্য গবেষণা সংক্রান্ত বিভিন্ন বিষয় জানতে পারবে। এর পাশাপাশি বাস্তব জগতে জনস্বাস্থ্যের ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ সংক্রান্ত প্রশ্ন ও তার সমাধান খোঁজার বিষয়ে একটি প্রতিযোগিতার আয়োজনও করা হয়েছে।
প্রায় ৩০ হাজার স্কুল পড়ুয়া এই উদ্যোগে সামিল। বিকশিত ভারত @২০৪৭ এর লক্ষ্যপূরণের যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা যাদের, সেই কচিকাঁচাদের অনুসন্ধিৎসু ও বিজ্ঞানমনস্ক করে তুলতেই সরকার এই কর্মসূচি হাতে নিয়েছে।
