ওয়েব ডেস্ক; ১৮ আগস্ট: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নতুন দিল্লিতে এনসিসি-র বালিকাদের ট্রেক ‘অপরাজিতা – পরাং লা ২০২৬’-এর সূচনা করলেন। এই পদযাত্রা বা ট্রেক-এ সামিল মেয়েরা হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকা থেকে ৫,৫৭৮ মিটার উচ্চতায় পারাং লা পাস পেরিয়ে লাদাখের চাংথাং পর্যন্ত যাবেন।
পদযাত্রায় যোগ দিচ্ছে ২৮ জন ক্যাডেট। এদের গড় বয়স ১৯ বছর। সবচেয়ে কম বয়সী মেয়েটির বয়স ১৬ বছরের কিছু বেশি। নেতৃত্বে থাকছেন তিন মহিলা আধিকারিক। এছাড়াও থাকছেন চিকিৎসক এবং অন্য সহায়করা। ৩০ দিনে এরা ২৫০ কিলোমিটার পথ পাড়ি দেবেন।
এই অভিযাত্রীরা কিব্বের, ডুমলা, থালতাক, বংরোজেন, ডাক কার্জং, নরবু সুমডো, কিয়াংডম এবং কোর্জক এলাকা দিয়ে যাবেন। হিমালয়ের মরু অঞ্চল, হিমবাহ, তুষারক্ষেত্র এবং নদী উপত্যকা প্রত্যক্ষ করবেন তারা।
অভিযাত্রী দলের শুভেচ্ছা কামনা করেছেন প্রতিরক্ষা মন্ত্রী। নিরাপত্তা, পরিবেশ রক্ষা এবং পার্বত্য এলাকার বাসিন্দাদের সঙ্গে আলাপচারিতায় উদ্যোগী হওয়ার জন্য তাদের প্রতি আবেদন রেখেছেন তিনি। এই অভিযাত্রীরা দেশের নারীশক্তির প্রতীক বলেও প্রতিরক্ষা মন্ত্রী মন্তব্য করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিসি-র মহানির্দেশক লেফটেন্যান্ট জেনারেল বীরেন্দ্র ভাট্স সহ শীর্ষ আধিকারিকরা।
