ওয়েব ডেস্ক; ২৫ আগস্ট: প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্য অর্জনের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ডিআরডিও-র তৈরি সমস্ত প্রচলিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রযুক্তি ভারতীয় প্রতিরক্ষা শিল্পের কাছে হস্তান্তরের অনুমোদন দিয়েছেন। এই প্রযুক্তি হস্তান্তরের ফলে দেশীয় শিল্পগুলি তাদের যোগ্যতা, শংসাপত্র এবং নিয়ন্ত্রক শর্তাবলী মেনে নিজস্ব প্রযুক্তিতে উৎপাদনের সুযোগ পাবে। প্রতিরক্ষা ব্যবস্থায় বেসরকারি ক্ষেত্রের অংশগ্রহণ বৃদ্ধির ক্ষেত্রে এটি এক মাইলফলক।
এই পদক্ষেপ উন্নয়ন পর্যায় থেকে শিল্প-স্তরের উৎপাদনে ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল রূপান্তরে সহায়ক হবে। উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি ও উৎপাদনের ক্ষেত্রে ভারতীয় শিল্পের সক্ষমতাকে কাজে লাগানোর বিষয়ে ডিআরডিও-র ধারাবাহিক প্রচেষ্টারও এ এক প্রতিফলন। এর উদ্দেশ্য হলো, দেশীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করা, প্রতিরক্ষা শিল্পের ভিত্তি সুদৃঢ় করা এবং সরবরাহ শৃঙ্খলে ভারতীয় এমএসএমই ও অন্য প্রযুক্তি সহযোগীদের অংশগ্রহণের সুযোগ তৈরি করা।
এই উদ্যোগের লক্ষ্য হলো ভারতের প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রের বিকাশে সহায়তা করার পাশাপাশি সামরিক কার্যক্ষমতা বৃদ্ধি করা, আমদানির ওপর নির্ভরতা কমানো এবং দেশীয় পর্যায়ে মূল্য সংযোজন বাড়ানো।
