কলকাতা, ১ সেপ্টেম্বর: পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডের সার্বিক নির্দেশনা এবং পূর্ব রেলের IG-cum-Principal Chief Security Commissioner অমিয় নন্দন সিনহার সতর্ক তত্ত্বাবধানে, রেল প্রশাসন RailMadad-এর মাধ্যমে দায়ের করা একটি মূল্যবান সামগ্রী হারানোর অভিযোগের দ্রুত ও সফল নিষ্পত্তি করেছে।

যাত্রী পারিস্কা আগরওয়াল অভিযোগ করেন যে, বন্দে ভারত এক্সপ্রেসের C-12 কোচের ডানদিকের শৌচাগার ব্যবহার করার সময় তাঁর সোনার আংটি অসাবধানতাবশত ফ্লাশ হয়ে যায়। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়। নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য নিউ জলপাইগুড়ি – হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস (ট্রেন নং ২২৩০২) ডিপোতে পৌঁছানোর পর ট্রেনটিকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়। যন্ত্রের সাহায্যে বায়ো-টয়লেটের প্রথম চেম্বারটি খালি করা হয় এবং ফিল্টারের উপাদান সাবধানে বের করে পরীক্ষা করা হয়।

এই বিস্তারিত পরিষ্কার ও পরীক্ষা-নিরীক্ষার সময় বায়ো-টয়লেট রক্ষণাবেক্ষণকারী কর্মীরা নিখোঁজ সোনার আংটিটি সফলভাবে উদ্ধার করেন।

আংটিটি উদ্ধারের পরই পারিস্কা আগরওয়ালের সঙ্গে যোগাযোগ করা হয় এবং যাচাইয়ের জন্য তাঁকে আংটির একটি ছবি পাঠানো হয়। তিনি আংটিটি নিজের বলে নিশ্চিত করার পর, নিরাপদ হেফাজতের জন্য সেটি আনুষ্ঠানিকভাবে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF)-এর কাছে হস্তান্তর করা হয়। শ্রীমতী আগরওয়ালকে তাঁর সম্পত্তি দাবি করার জন্য পরামর্শ দেওয়া হয়। পরবর্তীতে বৈধ পরিচয়পত্র ও প্রয়োজনীয় নথিপত্র যাচাই করার পর হাওড়া (HWH) RPF পোস্টে তাঁর হাতে আংটিটি তুলে দেওয়া হয়।

পূর্বরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি বলেন, “নিবেদিত পরিষেবার মাধ্যমে দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং সাধারণ মানুষের আস্থা নিশ্চিত করতে পূর্বরেল সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *