ওয়েব ডেস্ক; ২২ সেপ্টেম্বর : জাতীয় চলচ্চিত্র পুরস্কার সমারোহের আয়োজন দেশের বিভিন্ন প্রান্তের জনপ্রিয় পর্যটন কেন্দ্রে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

আজ সাংবাদিকদের তিনি বলেন, জাতীয় স্তরের বিভিন্ন অনুষ্ঠান শুধুমাত্র চিরাচরিত কিছু জায়গার মধ্যে সীমাবদ্ধ না রাখার বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিন্তা-ভাবনার মধ্যে রয়েছে। সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধার্ঘ্য হিসেবে গুজরাটের একতা নগরে বিশ্বের দীর্ঘতম মূর্তি থাকার সুবাদে এই অঞ্চল সারা বিশ্বের অন্যতম পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে বলে উল্লেখ করেছেন তিনি। এই ধরনের জায়গাগুলিতে দেশের রাষ্ট্রপতি কিংবা চলচ্চিত্র জগতের কুশীলবরা সফরে গেলে স্বাভাবিকভাবেই সেখানকার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন পর্যটকরা।

রাজ্যগুলিকে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সমারোহের আয়োজন স্থল হয়ে ওঠার উপযোগী পর্যটন স্থলের তালিকা পেশ করার পরামর্শ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। পর্যটক এবং চলচ্চিত্র ক্ষেত্রের প্রতিনিধিদের আনাগোনা বাড়লে একটি অঞ্চলের উন্নয়নও ত্বরান্বিত হয় বলে তাঁর মন্তব্য।

জি২০-র সভাপতিত্বের সময়ও দেশের বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠানের আয়োজন হয়েছিল বলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী মনে করিয়ে দেন।