কলকাতা; ২৮ সেপ্টেম্বর : সোমবার, ২৮ সেপ্টেম্বর যাদবপুরের বিজয়গড় বালিকা বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘HEAL’-এর উদ্যোগে একটি বিশেষ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হলো। উক্ত শিবিরে প্রান্তিক স্তরের ৮৫ জন আবাসিক বালিকার রক্তের নমুনা পরীক্ষা করে তাদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
রক্ত পরীক্ষার পাশাপাশি বয়ঃসন্ধিকালীন বালিকাদের ঋতুকালীন স্বাস্থ্যরক্ষা, সুরক্ষা এবং সচেতনতা সংক্রান্ত বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। ঋতুকালীন সময়ে শারীরিক যত্ন ও রোগ প্রতিরোধের উপায় নিয়ে আলোচনার পর উপস্থিত বালিকাদের হাতে স্যানিটারি ন্যাপকিন তুলে দেওয়া হয়।
শিবিরে সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন ডঃ কৌশিক দাস, কনাদ দাস, শুভাশিস মজুমদার, অপর্ণা পাল, অন্তরা চৌধুরী এবং চন্দন চ্যাটার্জী। এছাড়া দূর থেকেই শিশুদের জন্য কৃমির ওষুধ ও স্যানিটারি ন্যাপকিনের জোগান দিয়ে এই কর্মসূচিকে সফল করতে বিশেষ সহায়তা করেন ড. জীবন চন্দ্র দাস এবং শৈবাল গুহরায়।
