ওয়েব ডেস্ক; ১৫ অক্টোবর : IndiaSkills 2026-27-এ অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের একাধিক অনুরোধের পরিপ্রেক্ষিতে, দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ মন্ত্রক (এমএসডিই) এই প্রতিযোগিতায় নিবন্ধন প্রক্রিয়া পুনরায় চালু করল। আগামী ১৯ অক্টোবর পর্যন্ত এই নিবন্ধন প্রক্রিয়া চালু থাকবে। ‘ওয়ার্ল্ডস্কিলস কম্পিটিশন সাংহাই’-এ টিম ইন্ডিয়ার উল্লেখযোগ্য সাফল্যের পর দক্ষতা বা পারদর্শিতা সংক্রান্ত প্রতিযোগিতার প্রতি আগ্রহ বৃদ্ধির প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই প্রতিযোগিতায় ভারতীয় দল বিশ্বস্তরে দশম স্থান অর্জন করে এবং ছয়টি রৌপ্য পদক ও ২০টি ‘মেডেলিয়ন ফর এক্সেলেন্স’ (উৎকর্ষের পদক) লাভ করে।
এই আগ্রহ আরও বৃদ্ধি পায়, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ৯ অক্টোবর নয়াদিল্লিতে তাঁর বাসভবন, ৭ লোক কল্যাণ মার্গে ‘ওয়ার্ল্ডস্কিলস সাংহাই ২০২৬’-এ অংশগ্রহণকারী টিম ইন্ডিয়ার সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এই আলাপচারিতায় ভারতের সুদক্ষ যুবসমাজের সাফল্য উদ্যাপনের পাশাপাশি, জাতীয় উন্নয়নে বৃত্তিমূলক পারদর্শিতার উৎকর্ষের গুরুত্ব তুলে ধরা হয়। এই সাক্ষাতের পর ‘ইন্ডিয়াস্কিলস ২০২৬–২৭’-এর নিবন্ধন প্রক্রিয়া পুনরায় চালু করার জন্য মন্ত্রকের কাছে বিভিন্ন প্রতিষ্ঠান ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে একাধিক অনুরোধ আসে। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে এ বছর ১৯ অক্টোবর পর্যন্ত নিবন্ধন প্রক্রিয়া পুনরায় চালু করা হয়েছে। এর ফলে, আরও বেশি সংখ্যক যুবক-যুবতী তাঁদের পারদর্পিতা প্রদর্শন, জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করার লক্ষ্যে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন।
‘ইন্ডিয়াস্কিলস ২০২৬–২৭’-এর জন্য ইতিমধ্যেই প্রায় ৪ লক্ষ নিবন্ধন জমা পড়েছে। এর মাধ্যমে নিজেদের পারদর্শিতা প্রদর্শন এবং জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়ে যুবসমাজের ক্রমবর্ধমান আগ্রহ প্রতিফলিত হয়েছে। যে যোগ্য প্রার্থীরা আগে নিবন্ধন করতে পারেননি, তাঁরা ১৯ অক্টোবর পর্যন্ত ‘স্কিল ইন্ডিয়া ডিজিটাল হাব’ (এসআইডিএইচ)-এ আবেদন করে এই সুযোগ গ্রহণ করতে পারবেন।
কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ মন্ত্রকের তত্ত্বাবধানে এবং ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন (এনএসডিসি)-এর সহযোগিতায় আয়োজিত ‘ইন্ডিয়াস্কিলস ২০২৬–২৭’-এ উৎপাদন, প্রকৌশল, নির্মাণ, ডিজিটাল প্রযুক্তি, সৃজনশীল শিল্প এবং পরিষেবা-সহ বিভিন্ন ক্ষেত্রে শিল্পের চাহিদার সঙ্গে সম্পর্কিত ৬৩টি বিভাগ অন্তর্ভুক্ত রয়েছে।
এই প্রতিযোগিতা জেলা/আঞ্চলিক, রাজ্য, ক্ষেত্র এবং জাতীয় স্তর পেরিয়ে এগিয়ে যাওয়ার একটি সুপরিকল্পিত পথ তৈরি করে। এর মাধ্যমে প্রতিভাবান যুবক-যুবতীরা নিজেদের দক্ষতা প্রদর্শন, বিশেষজ্ঞদের কাছ থেকে প্রশিক্ষণ ও পরামর্শ গ্রহণ এবং আন্তর্জাতিক দক্ষতা প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ অর্জনের দিকে এগিয়ে যেতে পারেন।
মন্ত্রক রাজ্য সরকার, কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসন, শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠান (আইটিআই), পলিটেকনিক, কলেজ, দক্ষতা প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং শিল্পক্ষেত্রের সহযোগীদের পুনরায় চালু হওয়া নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে প্রচার চালানো এবং নিবন্ধনে সহায়তা করার জন্য উৎসাহিত করেছে। এই অতিরিক্ত সুযোগের উদ্দেশ্য হল, অংশগ্রহণের পরিধি বৃদ্ধি করা এবং প্রতিযোগিতায় আরও বেশি সম্ভাবনাময় প্রতিভাকে অন্তর্ভুক্ত করা।
‘ওয়ার্ল্ডস্কিলস সাংহাই ২০২৬’-এ টিম ইন্ডিয়া দশম স্থান অর্জন করে ছয়টি রৌপ্য পদক এবং উৎকর্ষের জন্য ২০টি পদক (‘মেডেলিয়ন ফর এক্সেলেন্স’) লাভ করেছে। ২০২৪ সালে ‘ওয়ার্ল্ডস্কিলস লিয়ঁ’-এ ভারতের ত্রয়োদশ স্থান অর্জনের তুলনায় এই ফলাফল আরও উৎসাহব্যঞ্জক। ভারতের সর্ববৃহৎ ৭০ জন প্রতিযোগীর দল ৬৩টি পারদর্শিতা সংক্রান্ত বিভাগে অংশগ্রহণ করে। তাঁদের এই সাফল্য দক্ষতা, বিশেষ প্রশিক্ষণ এবং ধারাবাহিক প্রস্তুতিতে ভারতীয় যুবসমাজের সামনে উন্মুক্ত হওয়া সম্ভাবনা ও সুযোগগুলির প্রতি দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করেছে।
