ওয়েব ডেস্ক; ১৬ অক্টোবর : উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণান নতুন দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ আয়ুর্বেদে ‘কৌমারাকন-২০২৬’-এর উদ্বোধন করেছেন। এটি তৃতীয় আন্তর্জাতিক কৌমারাভৃত্য – আয়ুর্বেদ চিকিৎসকদের মধ্যে যারা শিশুদের চিকিৎসা করেন, তাঁদের সম্মেলন। ১৫ থেকে ১৭ অক্টোবর এই সম্মেলন অনুষ্ঠিত হবে যার মূল ভাবনা ‘শিশুস্বাস্থ্যের ভবিষ্যৎ : কৌমারাভৃত্যদের আন্তর্জাতিক প্রেক্ষাপট, গবেষণা, উদ্ভাবন এবং চিকিৎসা সংক্রান্ত পন্থা-পদ্ধতি’। উপরাষ্ট্রপতি চিরায়ত স্বাস্থ্য পরিষেবার দক্ষতা বৃদ্ধি, রোগীদের আস্থা অর্জন এবং আন্তর্জাতিক স্তরে ভারতের ঐতিহ্যশালী চিকিৎসা ব্যবস্থাপনার গ্রহণযোগ্যতা বাড়াতে আরও বিজ্ঞানসম্মত গবেষণার উপর গুরুত্ব দেন। এই প্রসঙ্গে তিনি আন্তর্জাতিক স্তরে যোগের স্বীকৃতি এবং জামনগরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিরায়ত ওষুধ সংক্রান্ত আন্তর্জাতিক কেন্দ্র গড়ে তোলার প্রসঙ্গটি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এইমস-এর ধাঁচে অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ আয়ুর্বেদকে গড়ে তোলার পরিকল্পনার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন এই প্রতিষ্ঠা্নের গবেষণা, উদ্ভাবন সহ সব ধরনের উদ্যোগে সুস্থায়ী ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। এর দশম প্রতিষ্ঠাবার্ষিকীতে চিরায়ত চিকিৎসা ব্যবস্থার সংরক্ষণ এবং বিজ্ঞান সম্মত নানা ধরনের পন্থা-পদ্ধতি অনুসরণ করতে হবে।

কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত এক দশকে ভারতে চিরায়ত চিকিৎসা ব্যবস্থার বিভিন্ন সংস্কারের দিকগুলি তুলে ধরেন। ‘কৌমারাকন-২০২৬’-এর তাৎপর্য উল্লেখ করে যাদব বলেন, শিশুস্বাস্থ্যকে জাতীয় স্তরে সব সময় অগ্রাধিকার দিতে হবে। অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানিয়ে অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ আয়ুর্বেদের ডিরেক্টর অধ্যাপক পি কে প্রজাপতি এই প্রতিষ্ঠানের গবেষণা ও শিক্ষামূলয় বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি আয়ুষ স্টার্টআপ পোর্টাল এআইআইএ-আইসিএআইএনই ওয়েবসাইটের সূচনা করেন। ‘কৌমারাকন-২০২৬’-এ শিশুদের চিকিৎসার ক্ষেত্রে আয়ুর্বেদ পদ্ধতির প্রয়োগ নিয়ে আলোচনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *