ওয়েব ডেস্ক; ১৩ নভেম্বর : আইইউজিএস ভূতাত্ত্বিক ঐতিহ্যবাহী স্থানগুলি অসাধারণ ভূবৈশিষ্ট্য, আবিষ্কারের অনন্য নিদর্শন হিসেবে অসামান্য বৈজ্ঞানিক গুরুত্বের কারণে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ জিওলজিক্যাল সায়েন্সেস (IUGS)-এর স্বীকৃতি পেয়েছে। পৃথিবী ও তার ইতিহাসকে বোঝার ক্ষেত্রে এই স্থানগুলি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থিত এই স্থানগুলি পৃথিবীর গুরুত্বপূর্ণ ভূতাত্ত্বিক নিদর্শনগুলির এক বিস্ময়কর পরিচয় তুলে ধরে।
তৃতীয় ১০০টি স্থানের এই নির্বাচন ২০২২ সালে স্পেনের জুমাইয়ায় ঘোষিত প্রথম ১০০টি এবং কোরিয়া প্রজাতন্ত্রের বুসানে ৩৭তম আন্তর্জাতিক ভূতাত্ত্বিক কংগ্রেসে (IGC 2024) ঘোষিত দ্বিতীয় ১০০টি স্থানের সাফল্য ও বিশ্বব্যাপী প্রভাবের ধারাবাহিকতা বজায় রেখেছে। ২০২২ সাল থেকে ৯০টি দেশের ১,০০০-এরও বেশি বিশেষজ্ঞ এবং ২০টি আন্তর্জাতিক সংস্থা এই কর্মসূচিতে অবদান রাখছেন। তাঁরা বিভিন্ন স্থানের প্রস্তাব পেশ, নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ এবং সেগুলির বৈজ্ঞানিক গুরুত্ব মূল্যায়নের কাজ করেছেন। বস্তুত, ৭৪টি সক্রিয় রাষ্ট্রীয় সদস্য নিয়ে আইইউজিএস বিশ্বের অন্যতম বৃহৎ বৈজ্ঞানিক সংস্থা। মানবকল্যাণের সঙ্গে সম্পর্কিত ভূবিজ্ঞানের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা ও অংশগ্রহণে সংস্থাটি উৎসাহ জোগায়।
অনন্য ভূতাত্ত্বিক ঐতিহ্যের কারণে, সম্প্রতি লোনার হ্রদ তথা সংঘর্ষজনিতজনিত সৃষ্ট এই গহ্বর এই মর্যাদাপূর্ণ তালিকায় স্থান পেয়েছে। এটি পৃথিবীর অন্যতম নবীন (প্রায় ১২,০০০ বছর পুরোনো) এবং সর্বোত্তম সংরক্ষিত গোলাকার পাত্রের মতো আকৃতির অতি উচ্চগতির অভিঘাতজনিত গঠনগুলির মধ্যে একটি। প্রায় ১.৮৮ কিলোমিটার ব্যাসের এই গহ্বরটি বিস্তৃত ডেকান ট্র্যাপসের মধ্যে অবস্থিত। প্রায় ৬৫ মিলিয়ন বছর আগে গঠিত থোলেইটিক মহাদেশীয় ফ্লাড ব্যাসল্টের ধারাবাহিক স্তর নিয়ে ডেকান ট্র্যাপস গঠিত। ব্যাসল্ট শিলায় সৃষ্ট পৃথিবীর বিরল স্থলভাগের অভিঘাতজনিত গহ্বরগুলির মধ্যে এটি বিশেষভাবে উল্লেখযোগ্য। ব্যাসল্ট শিলাকে লক্ষ্যবস্তু করে সৃষ্ট পৃথিবীর পরিচিত পাঁচটি অতি উচ্চগতির উল্কাপিণ্ডের অভিঘাতজনিত গহ্বরের মধ্যে এটিও একটি বলে বিবেচিত হয়। গহ্বরটির কেন্দ্রে একটি লবণাক্ত-ক্ষারীয় হ্রদ রয়েছে, যা এক স্বতন্ত্র ভূতাত্ত্বিক ও পরিবেশগত পরিসর তৈরি করেছে। এর বৃত্তাকার আকৃতি, গভীরতা ও ব্যাসের অনুপাত, অভ্যন্তরীণ ঢাল বরাবর উন্মুক্ত ব্যাসল্ট লাভার প্রবাহ, ভূগর্ভস্থ ব্রেসিয়াযুক্ত শিলা, বাইরের দিকে ঢালু পার্শ্ববর্তী শিলা, ধ্বংসাবশেষের স্তূপ এবং খণ্ডিত ব্রেসিয়া ও সুইভাইট-সহ বিস্তৃত উৎক্ষিপ্ত পদার্থের সঞ্চয়—এই সমস্ত বৈশিষ্ট্যই উল্কাপিণ্ডের অভিঘাতজনিত উৎপত্তির জোরালো প্রমাণ দেয়। অভিঘাতজনিত কাচ, ক্ষুদ্র গোলাকার কণা এবং গলিত শিলার মতো অভিঘাত-সম্পর্কিত উপাদানগুলি অতি উচ্চগতির অভিঘাতের সঙ্গে যুক্ত ভৌত ও ভূ-রাসায়নিক প্রক্রিয়া বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করে।
ভারতে ভূতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (GSI) এই আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ উদ্যোগের অধীনে বিবেচনার জন্য আইইউজিএস-এর কাছে প্রস্তাব জমা দেওয়ার উদ্যোগ গ্রহণ করে।
তৃতীয় ১০০টি ভূতাত্ত্বিক ঐতিহ্যবাহী স্থান ৪৭টি দেশে বিস্তৃত। এর মধ্যে রয়েছে আফ্রিকার ১১টি, আমেরিকা মহাদেশের ২২টি, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২২টি, মধ্যপ্রাচ্যের ছয়টি, ইউরোপের ৩৪টি, অ্যান্টার্কটিকার দুটি এবং আন্তর্জাতিক জলসীমার তিনটি স্থান। জাপানের মাউন্ট ফুজি, নরওয়ের ফিয়র্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের সান আন্দ্রেয়াস ফল্ট, আর্জেন্টিনার মাউন্ট অ্যাকনকাগুয়া এবং ফিলিপাইনের চকোলেট হিলসের মতো বিখ্যাত ভূতাত্ত্বিক স্থানগুলি পৃথিবীর ভূতাত্ত্বিক বিস্ময়ের এই উল্লেখযোগ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। গ্র্যান্ড ক্যানিয়ন, কিলিমাঞ্জারো আগ্নেয়গিরি, মাউন্ট এভারেস্ট এবং নামিব মরুভূমির মতো স্থানগুলি আগের তালিকাগুলিতে স্থান পেয়েছিল। পাশাপাশি, আরও অনেক গুরুত্বপূর্ণ কিন্তু তুলনামূলকভাবে কম পরিচিত স্থানও অন্তর্ভুক্ত হয়েছিল। যেমন, যুক্তরাজ্যের সিকার পয়েন্ট, যেখানে গভীর ভূতাত্ত্বিক সময়ের ধারণাটি প্রথম স্বীকৃতি পেয়েছিল এবং অস্ট্রেলিয়ার এডিয়াকারা পাহাড়, যেখানে প্রথম বহুকোষী প্রাণের বর্ণনা দেওয়া হয়েছিল।
আইইউজিএস-এর স্বীকৃতি এই স্থানগুলিকে বিশ্বব্যাপী পরিচিতি প্রদান করে এবং সর্বোচ্চ বৈজ্ঞানিক গুরুত্বসম্পন্ন স্থান হিসেবে চিহ্নিত করে।
ভূতত্ত্ববিজ্ঞানের বিকাশে এই স্থানগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য ও প্রক্রিয়ার ক্ষেত্রে এগুলি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। পৃথিবী ও তার ইতিহাস সম্পর্কে অসাধারণ সব আবিষ্কারের সাক্ষী এই স্থানগুলি।
“তৃতীয় ১০০”-এর অন্তর্ভুক্ত অনেক স্থান জাতীয় উদ্যান, জিওপার্ক এবং প্রাকৃতিক সংরক্ষিত অঞ্চলে সুরক্ষিত রয়েছে, তবে, অনেক স্থানই এখনও সুরক্ষিত নয়। আইইউজিএস-এর “তৃতীয় ১০০” ভূতাত্ত্বিক ঐতিহ্যবাহী স্থানগুলির স্বীকৃতি ও বিশ্বব্যাপী পরিচিতি এই স্থানগুলির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে, শিক্ষামূলক উপকরণ হিসেবে এগুলির ব্যবহার বৃদ্ধি করতে এবং সর্বোপরি, এগুলি সংরক্ষণে সহায়তা করতে পারে।
