ওয়েব ডেস্ক; ১৩ নভেম্বর : সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি (সিসিপিএ) ‘ওলা’র পরিচালনাকারী সংস্থা ‘এএনআই টেকনোলজিস প্রাইভেট লিমিটেড’-এর ওপর ১০ লক্ষ টাকা জরিমানা ধার্য করেছে। ওলা তাদের অ্যাপে রাইড শুরুর আগেই ‘টিপ’ বা ‘অ্যাড-অন’ নামক একটি ফিচারের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের চেষ্টা করত। কর্তৃপক্ষ ওলাকে অবিলম্বে এই পদ্ধতি বন্ধ করার নির্দেশ দিয়েছে। তাদের মতে, এটি গ্রাহকদের বিভ্রান্ত করছে, একটি অন্যায্য ব্যবসায়িক অনুশীলনের শামিল এবং এক ধরনের ‘ডার্ক প্যাটার্ন’ বা প্রতারণামূলক কৌশল।
চিফ কমিশনার শ্রীমতি নিধি খারে এবং কমিশনার শ্রী অনুপম মিশ্র এই নির্দেশ জারি করেছেন। অ্যাপে ড্রাইভার খোঁজার সময় এই ফিচারটি গ্রাহকদের অতিরিক্ত অর্থ প্রদানের জন্য প্ররোচিত করত, যেখানে ইঙ্গিত দেওয়া হতো যে, বাড়তি অর্থ দিলে দ্রুত রাইড পাওয়ার সম্ভাবনা বাড়তে পারে। যদিও পরবর্তীকালে ওলা ‘টিপ’ নাম পরিবর্তন করে ‘অ্যাড-অন’ রাখে, তবুও তাদের মূল কার্যপদ্ধতিতে কোনও পরিবর্তন আসেনি।
অতিরিক্ত অর্থ প্রদানের অনুরোধগুলি এমন এক বিভ্রান্তিকর ধারণার সৃষ্টি করেছিল যে, বাড়তি টাকা দিলে রাইড দ্রুত নিশ্চিত হওয়া সম্ভব।
সিসিপিএ ওলা অ্যাপের ইন্টারফেসের বিভিন্ন সংস্করণ পরীক্ষা করে দেখেছে যে, এতে “বকশিস দিলে দ্রুত রাইড পাওয়ার সম্ভাবনা বাড়তে পারে”, “দ্রুত রাইড পেতে এখনই বক্সিশ দিন” এবং “দ্রুত রাইড নিশ্চিত হওয়ার সম্ভাবনা বাড়ান!”-এর মতো বার্তাগুলি প্রদর্শিত হতো। এগুলি দেখে গ্রাহকদের মনে এমন ধারণা তৈরি হত যে, অতিরিক্ত অর্থ প্রদান করলে তারা দ্রুত রাইড পেতে পারবেন।
কর্তৃপক্ষ আরও উল্লেখ করেছে যে, ওলার অবস্থান ছিল স্ববিরোধী। কোম্পানিটি দাবি করেছে যে, ‘অ্যাড-অন’ রাইড বরাদ্দের ক্ষেত্রে কোনও প্রভাব ফেলে না; অথচ তাদের অ্যাপে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে যে, অতিরিক্ত অর্থ প্রদান করলে দ্রুত রাইড পাওয়ার সম্ভাবনা বাড়তে পারে।
তদুপরি, গ্রাহকদের জানানো হয়নি যে, প্ল্যাটফর্মটির নিজস্ব তথ্য অনুযায়ী, যে সব অনুরোধের সাথে ‘অ্যাড-অন’ যুক্ত থাকে, সেগুলি গ্রহণ করার হার বরং কম। এছাড়া, কী ভিত্তিতে এই অতিরিক্ত অর্থ প্রদানের পরামর্শ দেওয়া হয়েছে, তাও গ্রাহকদের কাছে স্পষ্ট করা হয়নি। সিসিপিএ-র মতে, এই তথ্যগুলি গোপন রাখা ‘ভোক্তা সুরক্ষা আইন, ২০১৯’-এর ধারা 2(28)(iv) অনুযায়ী গুরুত্বপূর্ণ তথ্য গোপন করার শামিল।
সিসিপিএ-র মতে, অগ্রিম বকশিশ চাওয়া একটি অন্যায্য ব্যবসায়িক অনুশীলন।
সিসিপিএ আরও উল্লেখ করেছে যে:
গ্রাহকরা যখন রাইড বুক করেন, তখনই একটি নির্দিষ্ট ভাড়া নির্ধারিত থাকে, যার মধ্যে পিক-আপ পয়েন্ট পর্যন্ত চালকের দূরত্ব এবং চাহিদার আধিক্যের বিষয়টি অন্তর্ভুক্ত থাকে। একই সীমাবদ্ধতার কারণ দেখিয়ে পুনরায় অর্থ চাওয়ার অর্থ হল, গ্রাহকের ওপর অতিরিক্ত প্রিমিয়াম বা মূল্য চাপিয়ে দেওয়া।
মে ২০২৫-এ এই অর্থের পরিমাণ ১০ থেকে ৪০ টাকার মধ্যে থাকলেও, পরবর্তীতে তা বেড়ে ১৪০ টাকা পর্যন্ত পৌঁছয়; এমনকি অ্যাপের ইন্টারফেসে ৪৯৯ টাকা পর্যন্ত প্রদানের সুযোগ রাখা হয়েছিল।
এই অনুশীলনটি ‘মোটর ভেহিক্যাল এগ্রিগেটর্স গাইডলাইন্স, ২০২৫’ – এর ১৪.১৫ নম্বর ধারার পরিপন্থী। উক্ত নির্দেশিকা অনুযায়ী, কেবল যাত্রা শেষ হওয়ার পরেই বকশিশ দেওয়ার সুযোগ রাখা যেতে পারে। কর্তৃপক্ষ উল্লেখ করেছে যে, ১১ আগস্ট ২০২৬ তারিখে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে, রাইড সম্পন্ন হওয়ার আগে এ ধরনের বার্তা প্রদর্শন করা যাবে না; তা সত্ত্বেও ওলা এই বার্তা প্রদর্শন অব্যাহত রাখে।
কর্তৃপক্ষ আরও পর্যবেক্ষণ করেছে যে:
“জেনেরাস অ্যাড অন!” – এই বার্তাটি গ্রাহকদের অতিরিক্ত অর্থ প্রদানে আরও উৎসাহিত করত। ইন্টারফেসে বার্তাটি বন্ধ করার কোনো সুযোগ ছিল না।
রাইড বুক হয়ে যাওয়ার পর, যখন গ্রাহকরা নিশ্চিতকরণের অপেক্ষায় থাকতেন, ঠিক সেই সময়েই এই বার্তাগুলি আসত। অথচ তখন চালকের প্রাপ্যতা বা অতিরিক্ত অর্থ প্রদানের প্রকৃত প্রভাব সম্পর্কে গ্রাহকদের কাছে খুব সীমিত তথ্য থাকত।
কর্তৃপক্ষ আরও লক্ষ্য করেছে যে, ওলার বুকিং ডেটা অনুযায়ী হাসপাতাল, রেলস্টেশন, আন্তঃরাজ্য বাস টার্মিনাল এবং বিমানবন্দর থেকে এ ধরনের অনুরোধ আসার ঘটনা ঘটেছে। রোগী, বয়স্ক ব্যক্তি, মালপত্র বহনকারী যাত্রী, অথবা যাঁরা একা কিংবা রাতে ভ্রমণ করছেন, এমন গ্রাহকরা এ ধরনের বার্তার ক্ষেত্রে বিশেষভাবে অসহায় বা ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়তে পারেন।
ওলাকে রাইড শুরুর আগেই অর্থ প্রদানের অনুরোধ জানানো বন্ধ করার নির্দেশ; ১০ লক্ষ টাকা জরিমানাও ধার্য
সিসিপিএ ওলাকে নিম্নলিখিত নির্দেশ দিয়েছে:
ভ্রমণ শেষ হওয়ার আগে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত কোনও অর্থ প্রদানের অনুরোধ, তা বকশিশ (টিপ), অ্যাড-অন, বাড়তি ভাড়া বা অন্য যে কোনও নামেই হোক না কেন, এমন সব বার্তা, প্রম্পট, আগে থেকে নির্ধারণ করে রাখা অর্থের পরিমাণ এবং ইন্টারফেস ব্যবস্থা অবিলম্বে বন্ধ করতে হবে।
‘কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট, ২০১৯’ (উপভোক্তা সুরক্ষা আইন, ২০১৯); ‘গাইডলাইনস ফর প্রিভেনশন অ্যান্ড রেগুলেশন অফ ডার্ক প্যাটার্নস, ২০২৩’; এবং ‘গাইডলাইনস ফর প্রিভেনশন অফ মিসলিডিং অ্যাডভারটাইজমেন্টস অ্যান্ড এনডোর্সমেন্টস ফর মিসলিডিং অ্যাডভারটাইজমেন্টস, ২০২২’—এই সব আইন ও নির্দেশিকাগুলি কঠোরভাবে মেনে চলতে হবে।
১০ লক্ষ টাকা জরিমানা প্রদান করতে হবে। একই ধরনের অনুশীলনের বিষয়ে সিসিপিএ অন্যান্য ক্যাব অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্মের বিরুদ্ধেও স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নিয়েছে। এর আগে তারা র্যাপিডো (রপেন ট্রান্সপোর্টেশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড)-এর বিরুদ্ধেও ১০ লক্ষ টাকা জরিমানার আদেশ দিয়েছিল। উবের এবং নাম্মা যাত্রী-র বিরুদ্ধেও বর্তমানে তদন্ত চলছে।
যে সব উপভোক্তা এ ধরনের আচরণের সম্মুখীন হন বা পরিষেবা পেতে অসুবিধার মুখে পড়েন, তাঁরা ‘ন্যাশনাল কনজিউমার হেল্পলাইন’-এর ১৯১৫ নম্বরে ফোন করে অথবা com-ccpa ডট gov ডট in ঠিকানায় লিখে নিজেদের অভিযোগ জানাতে পারেন।
(পি আই বি)
