আজ কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক অলীক চক্রবর্তী, জমি জীবিকা কমিটির যুগ্ম সম্পাদক মির্জা হাসান, পলিটব্যুরো সদস্য শংকর দাস, জমি জীবিকা কমিটির সভাপতি আব্দুল আজিজ মোল্লা। সিপিআইএম এল (রেড স্টার) এর রাজ্য সম্পাদক অলীক চক্রবর্তী বলেন, বর্তমান রাজ্য সরকার সর্বক্ষেত্রে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং তাকে হাতিয়ার করেই বিজেপি সরকার এবার ক্ষমতায় আসার চেষ্টা করছে। যদিও হিন্দি বলয়ে বিজেপির ক্ষমতা অনেকটাই খর্ব হয়েছে কৃষক আন্দোলনের মাধ্যমে। তিনি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সাম্প্রদায়িক উস্কানি মূলক প্রচার এর তীব্র সমালোচনা করে বলেন, “ধর্ম যার যার, দেশ সবার” আমরা এই শ্লোগান নিয়ে এবার নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবো। সিপিআইএমে (রেড স্টার) বিধানসভায় পশ্চিমবঙ্গে বর্তমানে তিনটি কেন্দ্রে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ১) ভাঙর থেকে দাঁড়াবেন মির্জা হাসান, ২) ওন্দা কেন্দ্র থেকে দাঁড়াবেন বিকাশ পাত্র, ৩) গঙ্গারামপুর থেকে প্রার্থী এখনো ঠিক হয়নি।তিনি আরো বলেন, এবারের নির্বাচনে আমাদের দল সি পি আই এম এল (লিবারেশন )কে অন্যান্য কেন্দ্রে সমর্থন করবে। এছাড়া বাঁকুড়া এবং অন্য কয়েকটি জায়গাতেও আমরা প্রার্থী দিতে পারি। আব্বাস সিদ্দিকীর সাথে জোট বন্ধনের প্রশ্নে তিনি বলেন, আব্বাস সিদ্দিকী সাথে আমরা কোনভাবেই জোটে যাচ্ছি না। যদি এটা প্রচার করা হয়ে থাকে সেটা ভুল। কারণ আমরা বিশ্বাস করি ধর্ম এবং রাজনৈতিক এক হবে না। আমরা শুধু বিজেপিকে ভোট না দেবার পক্ষে সওয়াল করছি। সে ক্ষেত্রে কোন মানুষ কাকে ভোট দেবেন সেটা তারা ঠিক করবেন।আগামী ১০ মার্চ “নো ভোট ট্যু বিজেপি” এই প্রোগ্রামের আমরা সমর্থন করছি। সিপিআইএমের সঙ্গে আসন সমঝোতা প্রসঙ্গে তিনি বলেন, সিপিআইএম চিরকাল কথা দিয়ে কথা না রাখার দল। তারা গত লোকসভা নির্বাচনে বলেছিলেন, যেহেতু আমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিঃশর্ত সমর্থন দিয়েছি, তাই বিধানসভা নির্বাচনে তারা আমাদের সহযোগিতা করবেন। কিন্তু ২৮ অক্টোবর এ বিষয়ে তাদেরকে চিঠি পাঠানোর পরেও তারা কোনো উত্তর দেননি।
