গত বছর যখন রাজ্যে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল করোনার প্রভাব তেমনভাবে রাজ্যে পড়েনি। গত বছর মার্চ মাস থেকে যেভাবে প্রকোপ বেড়েছে তার ফলে স্কুল-কলেজ সব বন্ধ হয়েছিল। এ বছরের মাধ্যমিক পরীক্ষা হবে আগামী জুন মাসে।
ইতিমধ্যেই দেশ সহ রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। এর ফলে আগামী জুন মাসের হওয়া মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীদের মধ্যে শারীরিক দূরত্ব বজায় রেখে বসার ব্যাপারটা বেশ চিন্তায় রাখছে মধ্যশিক্ষা পর্ষদকে। পর্ষদ সূত্রের খবর এই পারস্পরিক দূরত্বের জন্য বেশি সংখ্যক স্কুলের প্রয়োজন হতে পারে। তার জন্য পরিকল্পনাও চালাচ্ছেন তারা।
উল্লেখ্য গত বছর মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন ১০ লাখের বেশি। এই বছরের টেস্ট পরীক্ষা না হবার ফলে পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি হবে বলেই মনে করছেন একাংশ। তাই বেশি সংখ্যক স্কুলের প্রয়োজন বোধ হচ্ছে।
বর্তমান পরিস্থিতিতে যেভাবে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে এবং শর্তসাপেক্ষ ভাবে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল খোলার পরে কয়েকটি স্কুলের শিক্ষকও আক্রান্ত হয়েছেন তাতে আগামী দিনের মাধ্যমিক পরীক্ষা কিছুটা হলেও ধোঁয়াশার মধ্যে রয়েছে বলে মনে করছেন কিছু অভিভাবক।