কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর পয়লা অক্টোবর উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে দেশব্যাপী স্বচ্ছ ভারত অভিযান এর সূচনা করেছিলেন।এক মাস ধরে দেশ জুড়ে এই অভিযান চলছে। এরই অঙ্গ হিসেবে দক্ষিণ কলকাতায় কালীঘাট হকার্স কর্নারের সামনে থেকে এই স্বচ্ছতা অভিযান চালানো হয়। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক এবং নেহেরু যুব কেন্দ্রের যৌথ উদ্যোগে এই স্বচ্ছতা অভিযানের আয়োজন করা হয়। প্রকৃতির ভ্রুকুটি উপেক্ষা করেই এদিন সমস্ত স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে কালীঘাট মন্দির চত্বরে সাফাই কাজ চালানো হয়। উল্লেখ্য এক মাসের মধ্যে সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে সারা দেশ জুড়ে ৭৫ লক্ষ কেজি বর্জ্য পরিষ্কারের লক্ষ্য নেওয়া হয়েছে।এদিন এই অভিযানে প্রায় ২২ ব্যাগ বর্জ্য সাফাই করা হয়।

এই উপলক্ষে কালীঘাট মিলন সংঘে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিশিষ্টজনেদের সংবর্ধনা জানানো হয়।পরিবেশিত হয় নৃত্য। কলকাতায় এই ধরনের উদ্যোগ প্রশংসনীয় বলে জানিয়েছেন নেহেরু যুব কেন্দ্র (দিল্লি) উপ অধিকর্তা বীরেন্দ্র বোকেন।