সমস্ত রকম জল্পনা অবসান দিয়ে কলকাতা পুরসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। কলকাতা পৌরসভার অন্তর্গত ১৪৪ টি ওয়ার্ডে ভোট গ্রহণ হবে আগামী ১৯ শে ডিসেম্বর।


বিজ্ঞপ্তি জারির সাথে সাথেই আজ থেকে নির্বাচনী আচরণবিধি জারী হয়ে গেল।


বিজ্ঞপ্তি অনুযায়ী নমিনেশন অর্থাৎ মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১ ডিসেম্বর। মনোনয়ন পত্র পরীক্ষা করার কাজ হবে ২ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ দিন ৪ ডিসেম্বর। ভোটগ্রহণ হবে ১৯ ডিসেম্বর। যদি কোন কারনে কোন কেন্দ্রে পুনঃ নির্বাচনের প্রয়োজন হয় তাহলে সেই দিন ধার্য হয়েছে ২০ ডিসেম্বর। ভোট গণনার সম্ভাব্য তারিখ ২১ ডিসেম্বর।


রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এবারে কলকাতা পুরসভা ভোটের ক্ষেত্রে ১৭০৭ টি ভোটকেন্দ্রে ৪৭৪২ টি প্রধান বুথ এবং ৩৮৫ টি অক্সিলারি বুথ থাকবে। নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন ৪০ লক্ষ ৪৮ হাজার ৩৫২ জন।


ভোটগ্রহণ হবে সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। ভোট নেওয়া হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন এ।