কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের অধীনস্ত সংস্থা সেন্ট্রাল আয়ুর্বেদ রিসার্চ ইন্সটিটিউট (সিএআরআই) ২৭শে নভেম্বর কলকাতায় সংস্থার কার্যালয়ে আয়ুর্বেদ খাদ্য উৎসবের আয়োজন করে। কেন্দ্র ২০১৬ সাল থেকে ধন্বন্তরী জয়ন্তী (ধনতেরস) আয়ুর্বেদ দিবস হিসাবে উদযাপনের সিদ্ধান্ত নেয়। এরপর থেকে প্রতি বছর ধন্বন্তরী জয়ন্তী আয়ুর্বেদ দিবস হিসাবে উদযাপিত হয়। এ বছর দোসরা নভেম্বর দিনটি আয়ুর্বেদ দিবস উদযাপিত হয়েছে। বর্তমান যুগে আয়ুর্বেদের গুরুত্ব সম্পর্কে প্রচারের জন্য মন্ত্রক ৩১শে ডিসেম্বর পর্যন্ত নানা কর্মসূচি পালন করছে। বিভিন্ন ঔষধি গাছের প্রদর্শনী, ঔষধি গাছ বিনামূল্যে বিতরণ, বক্তৃতামালা, ওয়েবিনার, রচনা, পোস্টার, প্রশ্নোত্তর প্রতিযোগিতা এবং আয়ুষ খাদ্যোৎসবের আয়োজন করা হচ্ছে। এরই অঙ্গ হিসাবে আজ কলকাতায় আয়ুর্বেদ ওষুধ উদ্ভাবন সংস্থা সিএআরআই-তে খাদ্যোৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন ঔষধি গাছের গুণাগুণ এবং ভারতীয় খাদ্য সংস্কৃতির বিষয়ে আয়ুর্বেদাচার্য এবং বিশেষজ্ঞরা নানান তথ্য তুলে ধরেন। সংস্থার অ্যাসিস্ট্যান্ট ডায়রেক্টর (ফার্মেসি) ডাঃ বীরেশ কুমার সরকার জানান, এ ধরনের কর্মসূচির মধ্য দিয়ে ওষুধি গাছ ও ভারতীয় খাদ্যাভাসের মধ্য দিয়ে মানুষের কাছে নানা তথ্য তুলে ধরা হয়। এই খাবারগুলি শুধুমাত্র সুস্বাদুই নয়, এগুলি রোগ-প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। উৎসবে অংশগ্রহণকারীরা খাদ্য প্রদর্শনীতে ভিড় জমান। তাঁদের রান্না করা নানা খাদ্য সামগ্রী সকলকে বিতরণ করা হয়।
