কেন্দ্রীয় মৎস্য চাষ, গবাদি পশুপালন ও ডেয়ারি মন্ত্রকের আইকনিক সপ্তাহ আজ থেকে শুরু হয়েছে। আগামী ২৬ তারিখ পর্যন্ত সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে মন্ত্রকের পক্ষ থেকে আইকনিক সপ্তাহ উদযাপন করা হচ্ছে। হায়দ্রাবাদে জাতীয় মৎস্য চাষ উন্নয়ন পর্ষদের (এনএফডিবি) পক্ষ থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রের অংশীদারদের নিয়ে মত বিনিময় কর্মসূচির আয়োজন করা হচ্ছে। বিদ্যালয় ও কলেজ পড়ুয়াদের সঙ্গে মৎস্য চাষ সম্পর্কিত সচেতনামূলক কর্মসূচির আয়োজন করা হচ্ছে। এছাড়াও দেশে মৎস্য চাষ ক্ষেত্রে অভাবনীয় অগ্রগতি নিয়ে একটি ওয়েবিনার আয়োজন করা হবে। দেশে মৎস্যজীবীদের স্বাস্থ্য সুরক্ষা ও কল্যাণে এনএফডিবি-র পক্ষ থেকে সেমিনার ও আলোচনাসভার আয়োজন করা হবে।
মুম্বাইয়ে ফিশারী সার্ভে অফ ইন্ডিয়া-র পক্ষ থেকে এক আলোচনাসভার আয়োজন করা হয়েছে। আইকনিক সপ্তাহ উদযাপনের অঙ্গ হিসেবে একটি ভাসমান জলযানে এই আলোচনাসভা আয়োজন করা হবে। সামুদ্রিক মৎস্য চাষ, সমীক্ষা পরিচালনা ও এসম্পর্কিত অন্যান্য বিষয় নিয়ে সচেতনতা গড়ে তুলতে বিদ্যালয় ও কলেজ পড়ুয়াদের আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও ফিশারী সার্ভে অফ ইন্ডিয়া মৎস্যজীবী সম্প্রদায়ের কল্যাণে মৎস্য চাষ ক্ষেত্রে নতুন প্রযুক্তির প্রয়োগ, পরিচ্ছন্নতা অভিযান, সামুদ্রিক নিরাপত্তা এবং মৎস্য চাষে আদর্শ আচরণ মেনে চলা শীর্ষক সেমিনার আয়োজন করতে চলেছে।
সেন্টার ইনস্টিটিউট অফ ফিশারিজ নটিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ট্রেনিং (সিআইএফএনইটি), কোচিনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফিশারিজ পোস্ট হার্ভেস্ট টেকনোলজি অ্যান্ড ট্রেনিং (এনআইএফপিএইচএটিটি) এবং ব্যাঙ্গালোরের সেন্ট্রাল ইনস্টিটিউট অফ কোস্টার ইঞ্জিনিয়ারিং ফর ফিশারী (সিআইসিইএফ) প্রতিষ্ঠানের পক্ষ থেকে মৎস্য মেলা, মৎস্যজীবী সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ আরও নিবীড় করে তোলার মতো বিষয় নিয়ে একাধিক কর্মসূচি আয়োজন করছে। এছাড়াও বিদ্যালয় ও কলেজ পড়ুয়াদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি, সেমিনার ও জাতীয় স্তরের ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।
কেন্দ্রীয় মৎস্য চাষ দফতর আগামী ২২ ডিসেম্বর ‘কোল্ডওয়াটার ফিশারিজ’ শীর্ষক বিষয়ে একটি ওয়েবিনার আয়োজনের প্রস্তাব করেছে। এছাড়াও মৎস্য চাষ অভিযানে কিষাণ ক্রেডিট কার্ড নিয়েও আগামী ২৩ ডিসেম্বর আরও একটি ওয়েবিনার আয়োজনের পরিকল্পনা রয়েছে।
