ওয়েব ডেস্ক; ১০ জুলাই : অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) তার ৭৮তম প্রতিষ্ঠা দিবস ও জাতীয় ছাত্র দিবস উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কার্যক্রমের আয়োজন করে ছাত্রসমাজের রাষ্ট্রগঠনে অগ্রণী ভূমিকার বার্তা পুনরায় তুলে ধরেছে। দিল্লি বিশ্ববিদ্যালয়, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, দীনদয়াল উপাধ্যায় গোরখপুর বিশ্ববিদ্যালয়, এলাহাবাদ বিশ্ববিদ্যালয়, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা, শহর ও ABVP-র সাংগঠনিক এককগুলিতে এই উপলক্ষে নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই উদযাপনের অংশ হিসেবে সেমিনার, যুব সংলাপ, সমাজসেবামূলক কার্যক্রম, স্বেচ্ছায় রক্তদান শিবির, বৃক্ষরোপণ অভিযান, পরিচ্ছন্নতা অভিযান, কাউন্সেলিং সেশন, প্রবন্ধ ও বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৌদ্ধিক আলোচনা এবং স্বামী বিবেকানন্দের স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের আয়োজন করা হয়। এই সকল উদ্যোগের মাধ্যমে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী জাতীয় উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার প্রতি নিজেদের অঙ্গীকার পূনর্ব্যক্ত করেন। জাতীয় ছাত্র দিবস উপলক্ষে ABVP দেশের সকল ছাত্রছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে উন্নত ভারতের নির্মাণে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানায়।

অনুষ্ঠানগুলিতে ছাত্রছাত্রীদের সামনে ABVP-র বিভিন্ন গঠনমূলক উদ্যোগ ও সাংগঠনিক কার্যক্রম তুলে ধরা হয়। এই কার্যক্রমগুলির মাধ্যমে যুবসমাজের মধ্যে জাতীয় চেতনা, সামাজিক দায়বদ্ধতা, শারীরিক সুস্থতা, সাংস্কৃতিক-সভ্যতাগত সচেতনতা এবং জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়েছে ABVP।

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘বসুন্ধরা’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ABVP-র রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক ডাঃ বিরেন্দ্র সিং সোলাঙ্কি বলেন, “গত ৭৮ বছরের যাত্রায় ABVP সর্বদা ছাত্রদের সর্বাঙ্গীণ বিকাশকে রাষ্ট্রগঠনের বৃহত্তর লক্ষ্যের সঙ্গে যুক্ত করেছে। বিশ্বের বৃহত্তম ছাত্র সংগঠন হিসেবে আমরা সেবা, সংগঠন এবং ‘Nation First’-এর আদর্শ নিয়ে প্রতিটি ছাত্রছাত্রীর কাছে পৌঁছানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় ছাত্র দিবস উপলক্ষে আমি দেশের সকল ছাত্রছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং জ্ঞান, চরিত্র, সামাজিক দায়বদ্ধতা ও দেশপ্রেমের আদর্শকে ধারণ করে ‘বিকশিত ভারত ২০৪৭’ নির্মাণে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানাই। ছাত্রছাত্রীরা কেবল আগামী দিনের নাগরিক নন, তাঁরা আজকের ভারতের প্রকৃত নির্মাতা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *