শুভাবরি ওয়েব ডেস্ক, ১৯ ফেব্রুয়ারি কলকাতা, : বাঙালিয়ানা নিয়ে চর্চার শেষ নেই। চায়ের দোকান থেকে টিভিতে টক শো। কিন্তু সব চর্চা থেকে এক ধাপ এগিয়ে ‘TV 9 বাংলা’ টেলিভিশন চ্যানেলে প্রথম ‘টেলিথন’-এর আয়োজন করেছিল।
গত ১৩ ফেব্রুয়ারি সম্প্রচারিত ‘টেলিথন’ সাড়া ফেলে দিয়েছে সারা দেশে, এমনকী বিদেশেও। অনুষ্ঠানটির নেপথ্যে সার্বিক ভাবনা, সঙ্গে বিষয়বস্তু বাছাই এবং তার উপস্থাপনা নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা এসেছে দর্শকের দরবার থেকে। ঐদিন দুপুর ১টা থেকে রাত ১১টা পর্যন্ত টানা দশ ঘণ্টা এক ম্যারাথন আলোচনায় অংশ নিয়েছিলেন দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা।

এই অনুষ্ঠানটির সামগ্রিক পরিকল্পনা TV9 নেটওয়ার্কের সিইও বরুণ দাসের এবং ‘বাঙালিয়ানা টেলিথন’-এর কেন্দ্রবিন্দু ছিলেন তিনিই। ‘সঙ্গে কো-হোস্ট ছিলেন চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়, অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ও TV9 বাংলার অ্যাঙ্কর রুমেলা চক্রবর্তী।

আলোচনার মান ও গভীরতা নিয়ে উচ্ছ্বসিত নাসা-র প্ল্যানেটারি জিয়োলজিস্ট অমিতাভ ঘোষ৷ ওয়াশিংটন ডিসি থেকে অমিতাভর মন্তব্য, ‘TV9 বাংলায় ‘বাঙালিয়ানা’ টেলিথন নিয়ে একটা বিষয়ই জানাতে চাই। সেটা হল, সব প্যানেল ডিসকাশনই অসাধারণ হয়েছে।’

উচ্ছ্বাস জানিয়েছেন চলচ্চিত্র বিশেষজ্ঞ সঞ্জয় মুখোপাধ্যায়, রাষ্ট্রবিজ্ঞানের বিশিষ্ট অধ্যাপক মইদুল ইসলাম ও ফরাসিবিদ-ইংরেজির প্রখ্যাত শিক্ষক চিন্ময় গুহ, প্রখ্যাত সরোদিয়া তেজেন্দ্রনারায়ণ মজুমদারও। তেজেন্দ্রনারায়ণ মজুমদারের কথায়, ‘এ ধরনের চিন্তা একটা চ্যানেল করেছে, এতগুলো বিষয় নিয়ে অনুষ্ঠানেও অভিনবত্ব রয়েছে। বাঙালির সংস্কৃতি, শিক্ষা, রাজনীতি মধ্যে নিজস্বতা আছে। সবকটা পার্সপেক্টিভকে ধরার চেষ্টা সত্যিই অসাধারণ। এটা জারি থাকলে খুবই ভালো হয়।’ চিন্ময় গুহ বলেছেন, ‘ইতিহাসের এই মুহূর্তে বাঙালিয়ানা নিয়ে আলোচনা অত্যন্ত জরুরি ছিল। TV9 বাংলায় ‘বাঙালিয়ানা টেলিথন’-এ সেই আলোচনা শুরু হল। সেটাই বা কম কী৷’ চলচ্চিত্র বিশেষজ্ঞ সঞ্জয় মুখোপাধ্যায়ের কথায়, ‘বাঙালিয়ানা টেলিথন-এর উদ্যোগটা আমার খুব ভালো লেগেছে। অনেক দিন বাংলা ও বঙ্গ সংস্কৃতিকে এক সঙ্গে দেখার চেষ্টা হয়নি। কিন্তু টেলিথনে সাহিত্য, সিনেমা,
থিয়েটার, অর্থনীতি, রাজনীতি-সহ নানা বিষয়কে একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখা হয়েছে। যাঁরা এই আলোচনায় অংশ নিয়েছিলেন, তাঁরা প্রত্যেকেই গুণী মানুষ। তাঁদের আলোচনা আমাদের ঋদ্ধ করেছে। আশা করি, এমন উদ্যোগ TV9 বাংলা আবার নেবে৷’
দর্শকদের ভালোলাগারও কিছু ঝলক মিলেছে।

অনুষ্ঠানের প্রস্তুতি পর্বে TV9 নেটওয়ার্কের সিইও বরুণ দাস বললেন, ‘TV9 বাংলা বাঙালির গৌরবের খোঁজে অন্ততপক্ষে ১০ কোটি বাঙালি জাগিয়ে তুলতে চায়, জড়িয়ে নিতে চায় এই কর্মকাণ্ডে। বর্তমানে আলো ফেলে আলোচনা করতে চায় ভবিষ্যতের রোডম্যাপ নিয়েও। বিশিষ্ট বাঙালিদের নিয়ে এর জন্য তৈরি হয়েছে উপদেষ্টা কমিটি। এই কমিটির সদস্যরা প্রত্যেকে নিজের নিজের ক্ষেত্রে এক একজন কিংবদন্তি। বাঙালিয়ানার পুনরুজ্জীবনে তাঁরা আমাদের সমৃদ্ধ করবেন এবং আমাদের গন্তব্যে পৌঁছনোর পথে সাহায্য করবেন।’