ওয়েব ডেস্ক ; ১৮ জুলাই : ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ, কলকাতা প্রেস ক্লাবে ১৮ জুলাই বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠকের আযোজন করলো।
এই সাংবাদিক বৈঠকে মঞ্চের একবছর পূর্তি উপলক্ষে মঞ্চের পক্ষ থেকে আগামী ১৯ জুলাই শুক্রবার সন্ধ্যায় যাদবপুর এইট বি মোড়ে যে সংকল্প সভার আযোজন করা হয়েছে , উক্ত সভায় সাধারণ মানুষকে অংশগ্রহণের জন্য আহ্বান জানান হয়েছে।
ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের যুগ্ম আহ্বায়ক বিশ্বরঞ্জন রায় বলেন, ‘কেন্দ্রীয় সরকার বুঝে গিয়েছে তাদের ভিত্তি দুর্বল হয়ে গিয়েছে, তাই তারা চেষ্টা করছে দ্রুত শিল্পপতিদের হাতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে তুলে দিতে। তবে এই সিদ্ধান্তের বাস্তবায়ন আমরা কিছুতেই হতে দেব না। আরও তীর আন্দোলন গড়ে তুলব আমরা”।
মঞ্চের অন্যতম যুগ্ম আহ্বায়ক সৌম্য দত্ত বলেন, “আমরা গত সাধারণ নির্বাচনে মানুষের কাছে আবেদন রেখেছিলাম, যারা রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারিকরণ চাইছে, সাধারণ মানুষের গচ্ছিত অর্থ লুঠ করতে চাইছে, তাদের উপযুক্ত জবাব দিন। মানুষ সেই আবেদনে অনেকাংশেই সাড়া দিয়েছেন। তবে আগামীর লড়াই আরও কঠিন।” তিনি আরও বলেন, ” আমরা আশঙ্কা করছি, বাজেটে ব্যাঙ্ক বেসরকারিকরণের কথা বলতে পারে কেন্দ্রীয় সরকার। তবে এমন সিদ্ধান্ত নেওয়া হলে রাজপথের গণআন্দোলনের জন্য যেন প্রস্তুত থাকেন শাসক।”
