ডিজিটাল; ১৮ সেপ্টেম্বর: ১৬ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে বর্ডার চৌকি সুখদেবপুর, ৭০ তম বর্ডার সিকিউরিটি ফোর্সের কর্মীরা গভীর রাতে আন্তর্জাতিক সীমান্ত বরাবর ৩৯৫ টি মোবাইল ফোন জব্দ করে।
বিএসএফ গোয়েন্দা সূত্রে প্রাপ্ত গুপ্ত তথ্যের ভিত্তিতে, সীমান্ত চৌকি সুখদেবপুর এলাকায় জওয়ানরা প্রায় ১০ থেকে ১২ জন সন্দেহভাজন চোরাকারবারীকে একটি বান্ডিল নিয়ে তারাবন্দির দিকে অগ্রসর হতে দেখে। কিন্তু কর্তব্যরত জওয়ানদের আসতে দেখে পাচারকারীরা ঘন অন্ধকার ও ঝোপঝাড়ের সাহায্যে নিয়ে পালিয়ে যায়। এর পরে জওয়ানরা একটি বিশেষ তল্লাশি অভিযান শুরু করে, তল্লাশি চলাকালীন তারাবন্দির কাছে মাটির গর্তে ৮ টি ব্যাগ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ব্যাগ খুললে বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন পাওয়া যায়। জব্দকৃত মোবাইল ফোনের আনুমানিক মূল্য ৩৯,২৯,০০০/- টাকা।
বিএসএফ-এর গোয়েন্দা শাখার তথ্য অনুযায়ী, এই চোরাচালানের সঙ্গে জড়িত অনেক ভারতীয় চোরাকারবারীর নাম সামনে এসেছে, যারা এই চোরাচালানের সঙ্গে জড়িত ছিল। বৈষ্ণবনগর থানায় ওই সকল পাচারকারীদের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং জব্দ করা মোবাইল ফোনগুলিও পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।
৭০তম বর্ডার সিকিউরিটি ফোর্সের কমান্ডিং অফিসার বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান রোধে সীমান্ত নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে। যার কারণে চোরাচালানের মতো কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা অনেক অসুবিধায় পড়ছেন এবং কেউ কেউ ধরা পড়ছেন, যাদের আইন অনুযায়ী শাস্তিও হচ্ছে।
