সিএসআইআর – সিএমইআরআই এর অধিকর্তা অধ্যাপক হরিশ হিরানী জানিয়েছেন সংস্থার তৈরি সুসংহত বর্জ্য ব্যবস্থাপনা ক্ষেত্রে উদ্ভাবনী প্রযুক্তি দেশের পৌর এলাকায় বর্জ্য ব্যবস্থাপনায় এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে। শুক্রবার সুস্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা ও চক্রাকার অর্থনীতি এবং আইপিএলএ গ্লোবাল ফোরাম, ২০২১ – এর ওপর আয়োজিত ১১তম আন্তর্জাতিক সম্মেলনে ‘বিকেন্দ্রীভূত এবং সমন্বিত পৌর বর্জ্য ব্যবস্থাপনা’ শীর্ষক বিষয়ের ওপর বক্তব্য রাখতে গিয়ে একথা জানান তিনি। হিরানী জানান সিএসআইআর – সিএমইআরআই- এর এই প্রযুক্তিকে স্থানীয় অঞ্চলে প্রয়োজন অনুসারে কাজে লাগানো যাবে। এর সাহায্যে শুকনো/ভেজা বর্জ্য, প্লাস্টিক, জৈব পদার্থ ইত্যাদি বর্জ্যগুলি নিষ্কাশন সম্ভব হবে। তিনি জানান, পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ক্ষেত্রে উদ্ভূত এই প্রযুক্তি একাধিক ক্ষেত্রে সমস্যার সমাধানে বিশেষ সাহায্য করবে। এই প্রযুক্তি যথেষ্টই বিদ্যুৎ সাশ্রয়ী। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে পরিচালিত হলে পরিবেশ সুরক্ষিত থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
ছবি পি আই বি