শুভাবরি ওয়েব ডেস্ক, ২৮ মার্চ, কলকাতা: রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলির বেসরকারীকরন, শ্রম বিরোধী আইন, পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি প্রভৃতি এক গুচ্ছ ইস্যুতে ২৮ এবং ২৯ তারিখের দশটি ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘটের প্রথম দিনে সিপিএম সমর্থকরা যাদবপুরের রাস্তা অবরোধ এবং রেল অবরোধ করে। সিপিআইএম সমর্থকরা যাদবপুর রেল স্টেশনে প্রায় কুড়ি মিনিট রেল অবরোধ করে। পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সামনেও পিকেটিং চলতে থাকে সিপিআইএমের সমর্থকদের। যদিও প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ পুলিশ মজুদ ছিল এবং ব্যাংকেও উপস্থিতির হার ভালোই ছিল।
অন্য একটি বামপন্থী দল, এসইউসিআই একই দাবিতে যাদবপুর ৮বি বাস স্ট্যান্ড থেকে একটি মিছিল বার করে সুকান্ত সেতুর দিকে অগ্রগতি হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে সকাল এগারোটা থেকে পথ অবরোধ করে এস এফ আই সমর্থকরা। সকালবেলাতে ৮বি বাস স্ট্যান্ডের সামনে যেখানে সিপিআইএম সমর্থকরা পিকেটিংয়ের জন্য জড়ো হয়েছিল, সেই সময় অটো স্ট্যান্ডের সামনে থেকে চলছিল দেশাত্মবোধক গান। এই গানের আওয়াজ কমিয়ে দেওয়ার উদ্যোগ নিতেই সামান্য বন্ধ সমর্থকদের সাথে উত্তেজনার সৃষ্টি হয়। তবে পুলিশের হস্তক্ষেপে তা নিয়ন্ত্রণে আসে।
সব মিলিয়ে বলা যায় বন্ধের প্রথমদিন দক্ষিণ কলকাতার এই গুরুত্বপূর্ণ অংশটি ছিল সরগরম। কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
