ওয়েব ডেস্ক; কলকাতা, ১১ মার্চ : ভ্রমণ পিপাসু বাঙালির বেড়াতে যাওয়ার সেরা পছন্দ রেলগাড়ি। রেলগাড়িতে ভ্রমণ করলে একদিকে যেমন আর্থিক সাশ্রয় হয় তেমনি যাত্রাও হয় উপভোগ্য। যেকোনো রকম ছুটির মরসুম এলেই বাঙালীর বেড়াতে যাওয়ার সেরা পছন্দের স্থান দার্জিলিং এবং পুরী। পুরী এমন এক পর্যটন স্থল যেখানে একদিকে যেমন সমুদ্রের গর্জন উপভোগ করা যায় তেমনই জগন্নাথ মন্দির দর্শন করা যায়। অপরদিকে দার্জিলিংয়ে হিমালয়ের সৌন্দর্য অবলোকন করা যায়।
তাই কোন ছুটির মরসুম এলেই দার্জিলিং ও পুরীগামী ট্রেনগুলোতে অসম্ভব ভীড় চোখে পড়ে। কিছুদিনের মধ্যেই স্কুলগুলির বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গেলে অভিভাবকরা ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়বেন। তারই প্রতিফলন দেখা যাচ্ছে ট্রেন গুলির অপেক্ষমান তালিকা দেখে।
১২৩৪৩ শিয়ালদহ – নিউ জলপাইগুড়ি দার্জিলিং মেল ১৭ মার্চ এবং ১৮ মার্চ স্লিপার ক্লাসে যথাক্রমে ৯৩ ও ৯২ ওয়েটিং লিস্ট রয়েছে এবং ৩ এসি -তে ৪৩ ও ৩৭ রয়েছে। তেমনিভাবে ১৩১৪৯ কাঞ্চনকন্যা এক্সপ্রেসে ১৭ ও ১৮ তারিখ ওয়েটিং লিস্ট যথাক্রমে ৫২ ও ৫৪ এবং ৩ এসি -তে যথাক্রমে ২৮ ও ২৩ রয়েছে। ২২২০১ শিয়ালদহ – পুরী দূরন্ত এক্সপ্রেসে ১৮ 1তারিখে স্লিপার ক্লাসে ওয়েটিং লিস্ট ৭৩ রয়েছে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক, কৌশিক মিত্র বলেন, “যারা এই ছুটির দিনগুলিতে ট্রেনে চড়ে ভ্রমণ করতে ইচ্ছুক, তাঁরা যেন সঠিক সময়ে টিকিট বুক করে নির্ঝঞ্ঝাট ভ্রমণ উপভোগ করেন।“
