অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরাম, সাংবাদিক সম্মেলন আয়োজন করে । সভায় সভাপতিত্ব করেন উক্ত ফোরামের চেয়ারম্যান তথা উলুবেরিয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলী। তিনি পশ্চিমবঙ্গের সমস্ত ধর্ম নিরপেক্ষ মানুষদের কাছে আবেদন জানান, সাম্প্রদায়িক শক্তিকে রুখতে গেলে তৃণমূল কংগ্রেস তথা মমতা ব্যানার্জিকে ধর্ম নিরপেক্ষ মানুষদের ভোট দেওয়া উচিত। তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের কাছে বিশেষ আবেদন জানিয়েছেন আসন্ন বিধানসভা নির্বাচনে একটি ভোটও যেন বিজেপি সহ বিরোধীদের পক্ষে না যায়। তিনি আরোও বলেন, কংগ্রেস, সিপিএম অন্যান্য বিরোধীদের ভোট দেওয়া মানে বিজেপির হাত শক্ত করা। সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বাংলায় এসে সাম্প্রদায়িক ভাষণ দিয়ে গেছেন। অথচ যোগীজীর উত্তরপ্রদেশে প্রতিদিন দলিত, মুসলিম সহ সমস্ত সম্প্রদায়ের মানুষরা আতঙ্কে আছে। প্রতিদিন মেয়েদের ধর্ষণ করা হচ্ছে, খুন করা হচ্ছে ।ইদ্রিশ আলির দাবি, বাংলার বাইরে থেকে কাউকে নিয়ে এসে সাম্প্রদায়িক প্রচার বন্ধ করুক বিজেপি। বিজেপির রথযাত্রা শ্মশানযাত্রায় পরিণত হয়েছে এবং তাদের মৃত্যু ঘন্টা বেজে গেছে ।উল্লখ্য অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরাম এর তরফ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনটি (23শে জানুয়ারী) ছুটি হিসেবে ঘোষণা করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানানো হয়।