এক ঐতিহাসিক সাফল্যের নজির হিসেবে দেশে সার্বিক কোভিড – ১৯ টিকাকরণ ১০০ কোটির মাইল ফলক ছাড়িয়েছে। এক ট্যুইটে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন এবং এই অসাধারণ কৃতিত্ব অর্জনের জন্য বৈজ্ঞানিক মহল ও স্বাস্থ্য ক্ষেত্রের পেশাদারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ড. মনসুখ মান্ডোভিয়া অসামান্য এই মাইল ফলক অর্জনে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন।

দেশে গত ২৪ ঘন্টায় করোনামুক্ত হয়েছেন ১৭,৫৬১ জন। এক ফলে মহামারী শুরুর সময় থেকে মোট সুস্থতার সংখ্যা ৩ কোটি ৩৪ লক্ষ ৯৫ হাজার ৮০৮।

একইভাবে, দেশে সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮.১৫ শতাংশ। এই হার ২০২০র মার্চ থেকে এযাবৎ সর্বাধিক।

কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলগুলির লাগাতার সমন্বয়মূলক প্রয়াসের দরুণ দেশে দৈনিক ভিত্তিতে আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে ১১৬ দিন ৫০ হাজারের নিচে রয়েছে।

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৪৫৪ জন। সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লক্ষের নিচে রয়েছে। বর্তমানে এই সংখ্যা ১ লক্ষ ৭৮ হাজার ৮৩১, যা মোট আক্রান্তের কেবল ০.৫২ শতাংশ। ২০২০র মার্চ থেকে এই হার এখনও পর্যন্ত সর্বনিম্ন।

দেশে নমুন পরীক্ষার পরিকাঠামো লাগাতার বেড়েছে। গত ২৪ ঘন্টায় ১২ লক্ষ ৪৭ হাজার ৫০৬টি নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে দেশে সার্বিক নমুনা পরীক্ষার সংখ্যা ৫৯ কোটি ৫৭ লক্ষ ৪২ হাজার ২১৮।

দেশে একদিকে যখন নমুনা পরীক্ষায় লাগাতার অগ্রগতি হয়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে ১.৩৪ শতাংশ, যা গত ১১৮ দিন ৩ শতাংশের নিচে। দৈনিক ভিত্তিতে আক্রান্তের হার ১.৪৮ শতাংশ। এই হার গত ৫২ দিন ৩ শতাংশের নিচের এবং লাগাতার ১৩৫ দিন ৫ শতাংশের নিচে রয়েছে।