ডিজিটাল; ১৬ মে: আন্তর্জাতিক সংগ্রহালয় দিবস প্রতি বছর ১৮ই মে নাগাদ আয়োজিত হয়। আন্তর্জাতিক সংগ্রহালয় পরিষদ সারা বিশ্বজুড়ে এই দিবস আয়োজনে তত্ত্বাবধান করে থাকে। আন্তর্জাতিক সংগ্রহালয় দিবস উদযাপনের উদ্দেশ্যই হল সাংস্কৃতিক বিনিময়, সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করা, তথা মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক বোঝাপড়া, সহযোগিতা ও শান্তি প্রতিষ্ঠা। এবছর সংগ্রহালয় দিবসের মূল ভাবনা সংগ্রহালয়ের সক্ষমতা। আগামী ১৮ই মে আন্তর্জাতিক সংগ্রহালয় দিবস উপলক্ষে কলকাতায় ভারতীয় সংগ্রহালয়ের পক্ষ থেকে সপ্তাহ ব্যাপী (১৬-২০ মে) একাধিক শিক্ষামূলক ও বিবিধ বৈচিত্র সমবেষ্টিত কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিগুলিতে ছোট ছোট ছেলে-মেয়ে, বিদ্যালয় পড়ুয়া, বিশেষ ভাবে সক্ষম শিশুরা এবং সংগ্রহালয় পরিদর্শনকারীরাও অংশ নেবেন। কলকাতায় ভারতীয় সংগ্রহালয়ের পক্ষ থেকে আগামী ১৮ তারিখ একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনীর মূল বিষয়বস্তু হল, ভারতীয় সংগ্রহালয়ের এক্তিয়ারে থাকা দুর্লভ সম্পদ। আন্তর্জাতিক সংগ্রহালয় দিবস উপলক্ষে ভারতের আদিবাসী সমবায় বিপণন উন্নয়ন সংগঠন বা ট্রাইফেড কলকাতায় ভারতীয় সংগ্রহালয়ে অস্থায়ী ভাবে একটি প্রদর্শনী তথা বিপণী কেন্দ্র খোলার উদ্যোগ নিয়েছে।
এছাড়াও কলকাতায় ভারতীয় সংগ্রহালয় ‘দীক্ষা মঞ্জরী’ নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতায় দু-দিনের নিত্য কর্মশিবিরের আয়োজন করছে। এই কর্মশিবিরে রূপান্তরকামী এবং যৌনকর্মীরাও অংশ নেবেন। বিশিষ্ট নৃত্য শিল্পী শ্রীমতী ডোনা গাঙ্গুলী আগামী ১৪ ও ১৫ তারিখ দু-দিনের এই নৃত্য কর্মশিবিরে উপস্থিত থাকবেন। আগামী ১৮ তারিখ শ্রীমতী গাঙ্গুলী ও তাঁর দলের সদস্যরা ‘শক্তি রূপেণ’ নামে একটি নৃত্যানুষ্ঠান মঞ্চস্থ করবেন। ভারতীয় সংগ্রহালয়ের পক্ষ থেকে সপ্তাহব্যাপী এধরণের কর্মসূচি আয়োজনের উদ্দেশ্যই হল সংগ্রহালয় ঘুরতে আসা ব্যক্তিদের মধ্যে মানসিক ও সাংস্কৃতিক চেতনাকে আরও সুদৃঢ় করা তথা সমৃদ্ধ ভারতীয় সংস্কৃতির বিভিন্ন দিক সম্পর্কে সচেতন করে তোলা।
