ডিজিটাল; ২০ জুন: পূর্বাঞ্চলের নয়টি ঐতিহ্যবাহী স্থানে আগামীকাল আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হবে। পূর্বাঞ্চলের এই নয়টি স্থান হ’ল –

পশ্চিমবঙ্গের বেলুড়মঠ – এখানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার উপস্থিত থাকবেন।
কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী শ্রীমতী দর্শনা জার্দোশ উপস্থিত থাকবেন উত্তরবঙ্গের বাতাসিয়া লুপ (দার্জিলিং জেলা) – এ। প্রসঙ্গত, দার্জিলিং হিমালয়ান রেলের অন্তর্গত দার্জিলিং-এর বাতাসিয়া লুপ এই রাজ্যের অন্যতম দর্শনীয় স্থান।
কেন্দ্রীয় উপজাতীয় বিষয়ক ও জল শক্তি প্রতিমন্ত্রী বিশ্বেশ্বর টুডু ওডিশার ময়ূরভঞ্জ এলাকার বিখ্যাত কিচকেশ্বরী মন্দিরে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত এক গণযোগা অনুষ্ঠানে।
ওডিশার পুরীর সমুদ্র সৈকতে আয়োজিত হতে চলেছে আরও একটি অনুষ্ঠান, যেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রী মহেন্দ্রনাথ পান্ডে।
ওডিশার কোনারক সূর্য মন্দিরের যোগ সম্পর্কিত একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী শ্রী অর্জুন মুন্ডা ঝাড়খন্ডের খুন্তি এলাকায় আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
বিহারের ঐতিহাসিক নালন্দা মহাবিহারে কেন্দ্রীয় বিদ্যুৎ এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রী আর কে সিং উপস্থিত থাকবেন।
বিহারের মহাবোধি মন্দিরে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী রামচন্দ্র প্রসাদ সিং।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ আন্দামানে অবস্থিত সেলুলার জেলে এক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী শ্রীমতী স্মৃতি ইরানী।
কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক এবং পূর্বাঞ্চলে অবস্থিত এই মন্ত্রকের সকল দপ্তর এই অনুষ্ঠানগুলি আয়োজনে সাহায্য করছে।

প্রসঙ্গত, ভারত সরকার আন্তর্জাতিক যোগ দিবস পালন করতে চলেছে দেশের ৭৫টি ঐতিহ্যবাহী স্থানে, যেখানে মানবতা রক্ষায় যোগের ইতিবাচক ভূমিকার কথা সকলকে জানানো হবে। যোগ কেবল শারীরিক সুস্থতায় সাহায্য করে না, মানসিক কুশলতা রক্ষায়ও একই রকম কার্যকর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাইসুরু রাজপ্রাসাদ প্রাঙ্গণে যোগ সংক্রান্ত মহতী অনুষ্ঠানে অংশ নেবেন আগামীকাল।

কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক পশ্চিমবঙ্গের বেলুড়মঠে মহাসমারোহে আন্তর্জাতিক যোগ দিবস পালন করতে চলেছে আগামীকাল। একই সঙ্গে, কেন্দ্রীয় শিক্ষা ও রেল মন্ত্রকের সহযোগিতায় দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঐতিহ্যবাহী স্থান বাতাসিয়া লুপেও পর্যটন মন্ত্রক অষ্টম আন্তর্জাতিক যোগ দিবস পালন করবে।

সারা দেশের ২০ কোটিরও বেশি মানুষ অষ্টম আন্তর্জাতিক যোগ দিবসে অংশ নেবেন। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের উপ-মহানির্দেশক এবং পূর্বাঞ্চলের আঞ্চলিক অধিকর্তা ডঃ সাগ্নিক চৌধুরী এই দিনটি যথার্থভাবে পালন করার আহ্বান জানিয়ে প্রত্যেককে শুভেচ্ছা জানিয়েছেন, কামনা করেছেন সুস্বাস্থ্যের।