ডিজিটাল; ৩০ জুন : ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল ইন্সটিটিউট (আইএসআই) কলকাতা সম্প্রতি অধ্যাপক প্রশান্ত চন্দ্র মহলানবিশের ১২৯তম জন্মবার্ষিকীটি যথাযোগ্য মর্যাদায় পরিসংখ্যান দিবস ও কর্মী দিবস রূপে উদযাপন করেছে।
এ বছরের পরিসংখ্যান দিবসের মূল ভাবনা ‘সুস্থায়ী উন্নয়নের জন্য তথ্য’।
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান এবং আইএসআই – এর সভাপতি বিবেক দেবরায় আত্মমন্থনের উপর গুরুত্ব দিয়ে ভারতীয় পরিসংখ্যান ব্যবস্থার বিভিন্ন সমস্যার সমাধান করতে ছাত্রছাত্রী ও অধ্যাপক-অধ্যাপিকাদের ইতিবাচক ভূমিকা গ্রহণের আহ্বান জানান।
আইএসআই কলকাতার নির্দেশক অধ্যাপিকা সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় আর্থ-সামাজিক পরিকল্পনায় পরিসংখ্যানের গুরুত্বের কথা উল্লেখ করে বলেন, অধ্যাপক মহলানবিশ এক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। আর্থ-সামাজিক নীতি প্রণয়নে এবং সার্বিকভাবে দেশের উন্নয়নে পরিসংখ্যানগত তথ্যের প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন। ডঃ বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী দিনে এই প্রতিষ্ঠানকে কার্যকর ভূমিকা পালন করতে হবে এবং দেশের উন্নয়নে প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে মানুষের কাছে যাতে সর্বোচ্চ পরিমাণ সম্পদ পৌঁছে দেওয়া যায়, তা নিশ্চিত করতে হবে। এ প্রসঙ্গে তিনি মহলানবিশ দূরত্ব সূত্রের কথা উল্লেখ করেন। এই সূত্রের মাধ্যমে বিভিন্ন পরিসংখ্যানে যে অসঙ্গতি থাকে, তা শনাক্ত করা সম্ভব।
ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স অ্যাকাডেমীর সিনিয়র সায়েন্টিস্ট অধ্যাপক সোমনাথ দাশগুপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। কলকাতা আইএসআই – এর ভূ-তত্ত্ব সর্বেক্ষণ শাখার বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক দাশগুপ্ত অনুষ্ঠানে ‘সৃষ্টি ও ধ্বংসের শৃঙ্খলার প্রেক্ষিতে পৃথিবীর চাঞ্চল্য’ শীর্ষক বিষয় নিয়ে আলোচনা করেন।
অন্যদের মধ্যে অধ্যাপক পার্থ প্রতীম মজুমদার, অধ্যাপক গুরু প্রসাদ কর এবং অধ্যাপক অরিজিৎ বিষ্ণু বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আইএসআই – এর প্রশাসনিক ও অর্থ বিভাগের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক লেঃ কর্ণেল সন্দীপ পাল ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন।
