ওয়েব ডেস্ক; দেবাঞ্জন দাস; ১৫ মে: সারা বিশ্বে যখন চলচ্চিত্র উৎসব হয় তখন বাংলা ছবিকে একটা অন্যরকম মর্যাদায় রাখা হয়। পৃথিবীর সমস্ত পরিচালকরা তাকিয়ে থাকেন সেই ছবি এবং বাঙালি পরিচালকদের দিকে। বহু বছর ধরেই লন্ডনে বাংলা চলচ্চিত্র উৎসবে সারা বিশ্ব থেকে এবং ভারতবর্ষ ও বাংলাদেশ এই দুই দেশের বাংলার ছবি প্রদর্শিত হয়ে আসছে। এই বছর ষষ্ঠতম বছরে পদার্পণ করলো এই উৎসব।
পরিচালক ড. তন্বী চৌধুরীর “চৌকাঠ পেরিয়ে – After the Threshold” , এ বছরে লন্ডন বাংলা চলচ্চিত্র উৎসবে সবার মনকাড়ল।
সারা বিশ্ব মহামারী নৃশংস রূপ দেখেছে এবং সেই নৃশংস রূপে প্রভাবিত হয়েছে সমাজের উপর তলার মানুষ থেকে নিচুতলার মানুষও। জীবনের ওঠা নামা ভাঙ্গাগড়া এসব কিছু নিয়ে একটা সুন্দর প্রেক্ষাপটে তৈরি “চৌকাঠ পেরিয়ে”। ছবিতে সমাজের বিভিন্ন স্তরের এবং বিভিন্ন পেশার মানুষ রয়েছেন যেখানে তারা নিজেদের জীবনের বিভিন্ন বিশেষ মুহূর্ত সে হোক দুঃখ বা সুখের সাক্ষাৎকারের জন্য এসেছেন ডাক্তার A এর কাছে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে ডাক্তার A মহামারীর বিভিন্ন প্রভাব নিয়ে অনলাইনে সাক্ষাৎকার দিচ্ছেন আমেরিকা নিবাসী একজনের কাছে। ডাক্তার A এর বাড়িতে আর যারা যারা সাক্ষাৎকারের জন্য উপস্থিত রয়েছেন তাদের মধ্যে কেউ ডাক্তার, কেউ শিল্পী , কেউ আবার ট্যাক্সি চালক। সাক্ষাৎকার দেওয়ার আগে তারা নিজেদের মধ্যে জীবনের কিছু বিশেষ মুহূর্ত ভাগ করে নিচ্ছেন। যেখানে পেশা, পরিবার, সমাজ এইসব কিছুই রয়েছে। ছবির শেষে সবাই ধীরে ধীরে এগিয়ে গেল মূল সাক্ষাৎকারের দিকে কিন্তু সেই বাড়ির দরজা বেরোতে পারল না একজন। জীবন মৃত্যু, অতীত ও বর্তমানের মধ্যে থেকে যাওয়া এই সূক্ষ্ম রেখার প্রতিমূর্তি । সম্পূর্ণ ৩৫ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্যের ছবিতে সে ছিল নিমগ্ন স্রোতা। পেশায় রোড আইল্যান্ড কলেজের অধ্যাপিকা ডক্টর তন্নি চৌধুরী পরিচালনায় এই “চৌকাঠ পেরিয়ে – After the Threshold” ছবিতে অভিনয় করেন ঋষভ বসু, অনাংসা বিশ্বাস , শতাক্ষী নন্দী, শংকর দেবনাথ, রিয়ান ঘোষ, পলাশ চতুর্বেদী, অপরাজিতা ইয়োলমো এবং পারমিতা সেন।

ছবিটি লন্ডনে বাঙালি দর্শকদের বেশ প্রশংসা কুড়িয়েছে। এই চলচ্চিত্র উৎসবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের অভিনেত্রী ও সংগীত শিল্পী শম্পা রেজা, ভারতবর্ষ থেকে অধ্যাপিকা এবং চিত্রপরিচালক ইন্দ্রানী চক্রবর্তী, অভিনেত্রী এবং লন্ডন বাংলা চলচ্চিত্র উৎসবের প্রোগ্রাম ডিরেক্টর দিলরুবা ইয়াসমিন রুহি, চলচ্চিত্র পরিচালক এবং সাংবাদিক ঋ চক্রবর্তী।

এই চলচ্চিত্র উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে ছিল নাসিরুদ্দিন শাহের সাথে কুইন মেরি ইউনিভার্সিটি’র ওয়ার্ল্ড সিনেমার অধ্যাপক ডক্টর অশ্বীন ইম্যানুয়েল দেবসুন্দরামের সিনেমা সংক্রান্ত আলোচনা। পাওলি দাম অভিনীত দ্য টেরেস, কৌশিক গাঙ্গুলীর লক্ষ্মী ছেলে এবং নাসিরুদ্দিন শাহ ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনীত হোলি কন্সপিরেসিও দেখানো হয় ।

পরিচালক তন্বী চৌধুরী জানান, “চৌকাঠ পেরিয়ে – After the Threshold” বিভিন্ন জায়গায় তুলে ধরতে চেয়েছি তার মধ্যে লন্ডন বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল অন্যতম। ছবি সম্পর্কে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে তাদের মতামত বোঝার চেষ্টা করেছি। আগামী দিনে এই ধরনের ছবি করার জন্য আমি সকল দর্শকদের কাছ থেকে যে উৎসাহ পেয়েছি তার জন্য চলচ্চিত্র উৎসবের সকল দর্শকদের ধন্যবাদ।