শুভাবরি ওয়েব ডেস্ক,১৩ ডিসেম্বর, কলকাতা:
প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে বাড়ি তৈরি হয়েছিল, তার সুচি তৈরির জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে গত ২ ডিসেম্বরে আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের এই কাজে নিযুক্ত করার জন্য নোটিফিকেশন জারি করা হয়েছিল। এই নিয়োজনের প্রেক্ষিতে অল ইন্ডিয়া ইউনাইটেড ট্রেড ইউনিয়ন সেন্টার অনুমোদিত আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের শ্রমিক সংগঠন ক্রমাগত সরকারের পরে চাপ সৃষ্টি করে যাতে এই কাজে তাদের লাগানো না হয়। ইতিমধ্যে একজন আশা কর্মী সার্ভে চলাকালীন আত্মহত্যাও করেন।
এই ঘটনার প্রেক্ষিতে তারা গত ৯ ডিসেম্বর মুখ্য সচিবকে স্মারকলিপি দিয়ে দাবি করেছিল যাতে এই কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়। কিন্তু তাতেও কোন আশানুর ফল না পাওয়ায় তারা আজ কলকাতার ধর্মতলাতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে এবং পরবর্তীতে সাংবাদিক সম্মেলন করেন।
এই সাংবাদিক সম্মেলনে দাবি করা হয়, যে আশা কর্মী আত্মহত্যা করেছেন তাকে পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ, এবারের একজনকে চাকরি প্রদান, অবিলম্বে দোষীদের চিহ্নিত করে শাস্তি প্রদান এবং এই সরকারের পক্ষ থেকে যে নোটিফিকেশন হয়েছে সেগুলো প্রত্যাহার করতে হবে। নাহলে আগামী দিনে তারা “গণ পদত্যাগের” পথে হাঁটবেন।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এ আই ইউ টি ইউ সি এর পক্ষ থেকে রাজ্য সম্পাদক অশোক দাস, সহ সভাপতি শান্তি ঘোষ, আশা কর্মী সংগঠনের সম্পাদিকা ইস্মাত আরা খাতুন, আইসিডিএস কর্মী সংগঠনের সম্পাদিকা মাধবী পন্ডিত প্রমুখ।
