ওয়েবডেস্ক, ৩ নভেম্বর, কলকাতা:

নামকরা প্রোডাকশন হাউসের নাম করে সিরিয়ালে সুযোগ করে দেওয়ার নাম করে প্রতারণা চক্রের সন্ধান পাওয়া গেল যোধপুর পার্ক এলাকায়।

অভিযুক্তর নাম শশীকান্ত ভৌমিক। প্রোডাকশন হাউসের পক্ষ থেকে বলা হয়, তারা এ বিষয়ে জানতে পেরে রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করেন। রিজেন্ট পার্ক থানার পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করে অভিযুক্তকে। সূত্রের খবর, পুলিশ যখন সেখানে যায় সেখানে দেখা যায় অডিশনের ভিত্তিতে সুযোগ করে দেওয়ার নাম করে প্রতারণা চক্র চালাচ্ছে শশীকান্ত। রিজেন্ট পার্ক থানার ওসি মিনাল কান্তি মুখার্জি জানান, নামকরা প্রোডাকশন হাউসের নাম করে একটি টিভি চ্যানেলে অ্যাডভার্টাইজমেন্ট দেয় সে। অডিশনের ফর্ম ফিলাপের জন্য ৬০০ টাকা এবং ক্লাসের জন্য প্রত্যেক আবেদনকারীর কাছ থেকে ৬ হাজার টাকা নেওয়া হয়। থানার অ্যাডিশনাল ওসি লোকনাথ অধিকারী বলেন, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পাওয়ার চেষ্টা চলছে। উল্লেখ্য, টিভি চ্যানেলে শশীকান্ত যে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল, সেটি দেখে বিশেষত হুগলি, পুরুলিয়া, বীরভূম থেকে অডিশনের জন্য ছেলেমেয়েরা এসেছিল। অডিশন দেওয়ার জন্য যখন বিভিন্ন জায়গা থেকে আসা আবেদনকারীরা জানান, তারা টিভি চ্যানেলে বিজ্ঞাপন দেখে সেই ফোন নাম্বারে যোগাযোগ করেন এবং উক্ত জায়গায় এসে টাকা জমা দিয়ে অডিশন দেন। তাদের মধ্যে কয়েকজন কয়েকটি ক্লাসও তারা করেছেন। সম্পূর্ণ ঘটনাটি এখন রিজেন্ট পার্ক থানার পুলিশ তদন্ত করে দেখছে।