ডিজিটাল; ১২ এপ্রিল: কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের ব্যয় বরাদ্দ দপ্তর বৃহস্পতিবার ১৪টি রাজ্যকে রাজস্ব ঘাটতি বাবদ প্রাপ্য হিসাবে প্রথম মাসিক কিস্তিতে ৭ হাজার ১৮৩ কোটি ৪২ লক্ষ টাকা মিটিয়ে দিয়েছে। পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী রাজ্যগুলিকে এই সাহায্য দেওয়া হচ্ছে।

উল্লেখ করা যেতে পারে, কমিশন ২০২২-২৩ অর্থবর্ষে ১৪টি রাজ্যকে রাজস্ব ঘাটতি বাবদ প্রাপ্য হিসাবে ৮৬ হাজার ২০১ কোটি টাকা মিটিয়ে দেওয়ার সুপারিশ করে। এই অর্থ ব্যয় বরাদ্দ দপ্তর ১২টি মাসিক কিস্তিতে রাজ্যগুলিকে মিটিয়ে দেবে।

সংবিধানের ২৭৫ ধারা অনুযায়ী, রাজ্যগুলিকে রাজস্ব ঘাটতি বাবদ প্রাপ্য বকেয়া মিটিয়ে দেওয়ার সংস্থান রয়েছে। কমিশন ২০২০-২১ থেকে ২০২৫-২৬ পর্যন্ত রাজ্যগুলির রাজস্ব ও খরচের মধ্যে পার্থক্য মূল্যায়ন করে রাজস্ব ঘাটতি বাবদ প্রাপ্য অর্থ মিটিয়ে দেওয়ার সুপারিশ করে। সেই অনুযায়ী, যোগ্য প্রতিটি রাজ্যকে তাদের প্রাপ্য মাসিক কিস্তিতে মিটিয়ে দেওয়া হয়।

২০২২-২৩ এ পঞ্চদশ অর্থ কমিশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সহ ১৪টি রাজ্যকে রাজস্ব ঘাটতি বাবদ প্রাপ্য মিটিয়ে দেওয়ার সুপারিশ করা হয়। বাকি রাজ্যগুলি হ’ল অন্ধ্রপ্রদেশ, আসাম, হিমাচল প্রদেশ, কেরল, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, পাঞ্জাব, রাজস্থান, সিকিম, ত্রিপুরা এবং উত্তরাখন্ড।

২০২২-২৩ এ কমিশন রাজস্ব ঘাটতি বাবদ পশ্চিমবঙ্গকে ১৩ হাজার ৫৮৭ কোটি টাকা দেওয়ার সুপারিশ করেছে। এর মধ্যে এপ্রিল মাসে প্রথম কিস্তি বাবদ রাজ্যকে ১ হাজার ১৩২ কোটি ২৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে।