ডিজিটাল; ২ এপ্রিল: পশ্চিমবঙ্গের জন্য ‘পোষণ অভিযান’ প্রকল্পে ২০১৭-১৮ অর্থবর্ষ থেকে ২০২১-২২ অর্থবর্ষ পর্যন্ত পয়লা জানুয়ারির হিসেবে ২৬,৭৫১ লক্ষ ৮ হাজার টাকা দেওয়া হয়েছে। রাজ্যসভায় সাংসদ মৌসম নুরের এক প্রশ্নের জবাবে সম্প্রতি এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশুবিকাশ মন্ত্রী স্মৃতি জুবিন ইরানি।

মন্ত্রী জানান, অপুষ্টি দূরীকরণে সরকার অগ্রাধিকার দিচ্ছে। এক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, বয়ঃসন্ধিতে থাকা বালিকাদের জন্য বিশেষ প্রকল্প এবং প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার সাহায্য নেওয়া হচ্ছে। সুসংহত শিশুবিকাশ প্রকল্পের মাধ্যমে যেসব শিশু প্রবল অপুষ্টিতে ভুগছে, তাদের পুষ্টি পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা করা হচ্ছে। ইরানি আরও জানিয়েছেন, ২০১৮-র ৮ই মার্চ শুরু হওয়া ‘পোষণ অভিযান’-এর মাধ্যমে দেশে অপুষ্টির সমস্যা দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে। দ্বিতীয় পর্বের ‘মিশন পোষণ’-এর জন্য ২০২১-২২ অর্থবর্ষে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। এর মাধ্যমে সুস্বাস্থ্য নিশ্চিত করার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও অপুষ্টির সমস্যা দূর করা হবে বলে মন্ত্রী জানান।