দেবাঞ্জন দাস, শুভাবরি ওয়েবডেস্ক, ৭ জূন, কলকাতা: করোনা ও আমফান নিয়ে যখন রাজ্য রাজনীতি তুঙ্গে তখনই ভারতীয় ছাত্র ফেডারেশনের চাকদাহ গঙ্গাপুরী আঞ্চলিক কমিটি আজ এক অন্যতম নজির গড়লো। ১১৪ নম্বর ওয়ার্ডে পথের ধারেই প্রায় ২০০ জন দু:স্থ শিশুদের হাতে তুলে দিল খাতা ,পেন ,পেন্সিল সহ হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক। উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশন এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। তিনি এই অনুষ্ঠানের মাধ্যমে সরকারের নীতির বিরুদ্ধে কয়েকটি বার্তা দিয়েছেন:
~ স্কুল ফি মুকুব করতে হবে,
~ অনলাইন ক্লাস বাধ্যতামূলক করা যাবে না,
~ সিলেবাস শেষ না করে অনলাইন পরীক্ষা নেওয়া যাবে না।


তিনি আরো বলেন, “ছাত্র ফেডারেশন সবসময়ই ছাত্রদের অধিকার নিয়ে কথা বলে এসেছে। আমরা দেখছি বর্তমান সময়ে কিভাবে আরো মানুষকে সাহায্য করতে পারি। বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে সরকার নিজেকে নিষ্ক্রিয় বলে প্রমাণ করেছে। সরকারের শুভ বুদ্ধির উদয় হোক। আগামী উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত বিষয়টিকে সরকার সবার সাথে আলোচনা না করেই ঘোষণা করে দিয়েছেন। তাতে ছাত্র নিরাপত্তা কতটা থাকবে তা নিয়ে আমি শংকিত।
সরকারি হিসাব অনুযায়ী ভারতবর্ষের ২৩ শতাংশ মানুষ কম্পিউটার ব্যবহার করেন। তাই, বর্তমান পরিস্থিতিতে অনলাইন ক্লাস মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য সেটা ভেবে দেখা দরকার। আমরা প্রযুক্তির বিরোধী নই। কিন্তু তার বাস্তবতা কতটা সেটা আমাদের ভাবা উচিত। এখনো পর্যন্ত অনেক গ্রাম কিংবা শহরাঞ্চলে কিছু কিছু জায়গায় নেট পরিষেবা কিংবা স্মার্টফোন নেই। নির্দিষ্ট প্লানিং এর মাধ্যমে সরকারকে এই বিষয়টি দেখতে হবে।