ওয়েবডেস্ক, 12 আগস্ট, কলকাতা:

করোনার গতি রোধ করার জন্য পশ্চিমবঙ্গ সরকার সাপ্তাহিক লকডাউন ঘোষণা করেছিল। সেই অনুযায়ী সম্পূর্ণ আগস্ট মাসে কিছুদিন লকডাউন ঘোষণা করে। কিন্তু আজ নবান্ন তরফ থেকে জানানো হয় আগামী ২৮শে আগস্ট পশ্চিমবঙ্গে পূর্ণ লকডাউন হচ্ছে না। কারণ হিসেবে জানানো হয় যে পরপর ৫ দিন ব্যাংক বন্ধ থাকার ফলে সাধারণ মানুষ খুব অসুবিধার মধ্যে পড়বেন।
এই বিষয়ে এ আই বি ও সি এর রাজ্য সম্পাদক সঞ্জয় দাস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,
“নতুন সূচি অনুযায়ী ২৮শে আগস্ট সম্পূর্ণ লকডাউন হচ্ছে না। ব্যাংক খোলা থাকছে।
কিন্তু লকডাউন ও ব্যাংক বন্ধের সম্পর্ক খুব বেশি নেই। প্রথম ৩ মাস সম্পূর্ণ লকডাউনেও ব্যাংক খোলা থেকেছে, ব্যাংকের শাখা রোজ খোলা থেকেছে।
সরকারি ঘোষণার পর আমরা গত ২১শে জুলাই অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন এর পক্ষ থেকে সম্পূর্ণ লকডাউনের দিনে ব্যাংক বন্ধ রাখার আর্জি জানাই গ্রাহকদের কথা চিন্তা করেই। অধিকাংশ ব্যাংক কর্মচারী করোনা আক্রান্ত। যাতে লকডাউনের উদ্দেশ্য ব্যাহত না হয় এবং সংক্রমণ এর গতি কমানো যায় সেই উদ্দেশ্য নিয়েই আমরা ‘আইবকের’ তরফে আবেদন জানাই। কর্তৃপক্ষ আবেদন মঞ্জুর করেন। আমরা চিন্তা ভাবনা করেই আবেদন করেছিলাম ।”
তিনি আরোও বলেন, ” সম্প্রতি আমরা কোনো আবেদন করিনি। কারণ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সংক্রমণ প্রশমন করা যদি উদ্দেশ্য হয়ে থাকে, সে ক্ষেত্রে গ্রাহকরা ওইসব দিনে ডিজিটাল মাধ্যম বা এটিএম পরিষেবার মাধ্যমে পরিষেবা চালিয়ে নিতে তৈরিই থাকেন।
আমরা আশা করবো আগামী দিনেও ব্যাংকিং পরিষেবা বা ব্যাংক কর্মচারীদের ওপর সরকারের দৃষ্টি সমান ভাবে থাকবে।”