ওয়েব ডেস্ক, ২৮ নভেম্বর, কলকাতা: বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের আজ এক সাংবাদিক সম্মেলনে সংখ্যালঘু যুব সংগঠনের সম্পাদক মহ. কামরুজ্জামান বলেন, রাজ্যের সংখ্যা লঘু দপ্তর আজ অভিভাবকহীন অবস্থায় রয়েছে। সেই কারণে বেনিয়ম জানা সত্ত্বেও প্রশাসন নিরুত্তর রয়েছে, কোনরকম পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি দাবি করেন, সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসাগুলো পক্ষপাতমূলক ভাবে পঞ্জিকরণ হয়েছে।
ইসরারুল রউফ মন্ডল, সভাপতি বলেন, এ রাজ্যে ৬১৪ টি সরকারি সাহায্য প্রাপ্ত মাদ্রাসা রয়েছে। যার মধ্যে ৮০টি মাদ্রাসাতে প্রায় ৫০০ জন বেআইনি ভাবে নিযুক্ত শিক্ষক রয়েছেন। তিনি দাবি করেন, শিক্ষক নিয়োগ করে মাদ্রাসা কমিশন। কিন্তু মাদ্রাসার পরিচালন সমিতি কিছু শিক্ষককে বেআইনিভাবে নিযুক্তি দিয়েছেন। এর ফলে সরকারের প্রায় ২০০ কোটি টাকা ভুতুড়ে শিক্ষকদের মাহিনার জন্য দিতে হবে।
আজকের সংবাদিক সম্মেলনে টেলিফোন যোগে সমাজকর্মী মীরাতুন নাহার এবং সিপিএম নেতা মোহাম্মদ সেলিম সংবাদমাধ্যমের কাছে তাদের বক্তব্য পেশ করেন। তারা মাদ্রাসাগুলোতে শিক্ষক নিয়োগে অনিয়ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
