শুভাবরি ওয়েব ডেস্ক, ৯ মার্চ, কলকাতা: আজ অভয়ার বিচারের দাবিতে কলকাতার মেডিকেল কলেজের প্রশাসনিক ব্লকের সামনে যৌথ চিকিৎসকদের সংগঠন এবং অভয় মঞ্চ যৌথভাবে একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
মিছিল শেষে ডাঃ সুবর্ণা গোস্বামীর নেতৃত্বে ৩ সদস্যের একটি দল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির জন্য হেয়ার স্ট্রিট থানায় একটি স্মারকলিপি জমা দেয়।
এই অনুষ্ঠানে ডঃ সুকান্ত চক্রবর্তী, ডঃ সুবর্ণা গোস্বামী, ভারতী মুৎসুদ্দি, রঘু ভট্টাচার্য, গৌতম দাস, কাকলি ভট্টাচার্য, রানী কালিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
উপস্থিত ব্যক্তিগন বলেন, আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নৃশংস ধর্ষণ ও হত্যার ঘটনা পশ্চিমবঙ্গ এবং জাতির বিবেককে গভীরভাবে নাড়া দিয়েছে। তাই এই বিষয়টির সাথে সম্পর্কিত সমস্ত বিচারাধীন মামলার দ্রুত শুনানি এবং নিষ্পত্তি নিশ্চিত করার জন্য কলকাতা হাইকোর্টের প্রতি আহ্বান জানান। তারা আরও বলেন, ঘটনাটিকে ঘিরে তদন্ত এবং বিচারিক কার্যক্রমে দীর্ঘ বিলম্ব জনসাধারণের ক্ষোভকে আরও বাড়িয়ে তুলেছে এবং ন্যায়বিচার ব্যবস্থার প্রতি মানুষের বিশ্বাস নষ্ট হচ্ছে।
