ওয়েব ডেস্ক; ১১ নভেম্বর : বাণিজ্য বিভাগের অধীন ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড-DGFT, ITC(HS) কোড 85491400-এর অন্তর্ভুক্ত ‘লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্ল্যাক মাস’ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ১০ নভেম্বর ২০২৬ তারিখের বিজ্ঞপ্তি নং ৪৯/২০২৬-২৭ অনুযায়ী এই পণ্যটির রপ্তানি নীতি ‘মুক্ত’ থেকে বদলে ‘নিষিদ্ধ’ করা হয়েছে। এই নীতি অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। এক্ষেত্রে বিদেশী বাণিজ্য নীতি, ২০২৩-এর অনুচ্ছেদ ১.০৫-এ উল্লিখিত অন্তর্বর্তীকালীন ব্যবস্থাগুলি প্রযোজ্য হবে।
ITC(HS) কোড 85491400-এর আওতায় রয়েছে প্রাথমিক সেল, প্রাথমিক ব্যাটারি এবং বৈদ্যুতিক অ্যাকুমুলেটরের বর্জ্য ও স্ক্র্যাপ; ব্যবহৃত সেল, ব্যাটারি ও অ্যাকুমুলেটর—যেগুলি বাছাই করা হয়নি এবং যাতে সিসা, ক্যাডমিয়াম বা পারদ নেই । বিজ্ঞপ্তিতে এই পণ্যটিকে সুনির্দিষ্টভাবে ‘লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্ল্যাক মাস’ হিসেবে উল্লেখ করা হয়েছে। ‘ব্ল্যাক মাস’ হ’ল এমন এক গুঁড়ো পদার্থ, যা ব্যবহারের অযোগ্য লিথিয়াম-আয়ন ব্যাটারি টুকরো করার মাধ্যমে এবং ব্যাটারি তৈরির প্রক্রিয়ায় সৃষ্ট বর্জ্য থেকে পাওয়া যায়। এতে লিথিয়াম, কোবাল্ট, নিকেল ও ম্যাঙ্গানিজের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদানগুলি পুনরুদ্ধারযোগ্য পরিমাণে থাকে।
এই গুরুত্বপূর্ণ খনিজগুলি বৈদ্যুতিক যানবাহন, উন্নত প্রযুক্তির ব্যাটারি, শক্তি সঞ্চয় ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং পুনর্নবীকরণযোগ্য জ্বালানির ক্ষেত্রে অপরিহার্য উপাদান। ভারত এ ধরনের অনেক খনিজ উপাদানের জন্য মূলত আমদানির ওপর নির্ভরশীল। ব্যাটারি বর্জ্য পুনর্ব্যবহার করা হলো এই সম্পদগুলির অভ্যন্তরীণ সরবরাহ গড়ে তোলার অন্যতম দ্রুত ও সুস্থিত উপায়। ভারতে ব্যাটারি বর্জ্য পুনর্ব্যবহার এবং তা থেকে গুরুত্বপূর্ণ খনিজ নিষ্কাশনের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও, কাঁচামালের অপর্যাপ্ত সরবরাহের কারণে এই সক্ষমতা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। ভারতে উৎপন্ন ‘ব্ল্যাক মাস’ বিদেশে রপ্তানি করার ফলে এই মূল্যবান সম্পদটি দেশের বাইরে চলে যাচ্ছে; অথচ অনেক ক্ষেত্রে দেশীয় পুনর্ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলিকে তাদের প্রয়োজনের খাতিরে বাইরে থেকে কাঁচামাল আমদানি করতে হচ্ছে।
এই রপ্তানি নিষেধাজ্ঞার উদ্দেশ্য হলো, ভারতে উৎপন্ন ‘ব্ল্যাক মাস’ যেন দেশেই পুনর্ব্যবহার ও প্রক্রিয়াজাত করা হয়। এই পদক্ষেপের ফলে দেশীয় পুনর্ব্যবহার ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রগুলির জন্য কাঁচামালের যোগান নিশ্চিত হবে, তাদের সক্ষমতার পূর্ণ ব্যবহার সম্ভব হবে এবং এই ক্ষেত্রে আরও বিনিয়োগ ও কর্মসংস্থান হবে। এর ফলে লিথিয়াম, কোবাল্ট, নিকেল ও অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ উপাদান দেশীয় উৎস থেকেই বেশি পরিমাণে পুনরুদ্ধার করা সম্ভব হবে, যা আমদানির ওপর নির্ভরশীলতা কমাবে এবং বৈদেশিক মুদ্রার ব্যয় হ্রাস করবে। এটি ‘আত্মনির্ভর ভারত’-এর লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাটারি উৎপাদন, বৈদ্যুতিক যানবাহন, শক্তি সঞ্চয় ব্যবস্থা এবং পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তির সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করবে। এছাড়া, এই পদক্ষেপটি চক্রাকার অর্থনীতি ও ‘আরবান মাইনিং’-কে এগিয়ে নিয়ে যাবে এবং প্রাথমিক খনি উত্তোলনের ওপর নির্ভরতা হ্রাস করবে। একইসঙ্গে, এটি দেশের ভেতরে প্রযোজ্য পরিবেশগত নিয়ম মেনে বিপজ্জনক এই উপাদানটির পরিবেশসম্মত পুনর্ব্যবহার নিশ্চিত করতে সহায়তা করবে।
এই পদক্ষেপটি ‘ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশন’ – এর অধীনে সরকারের বিভিন্ন উদ্যোগের পরিপূরক হিসেবে কাজ করবে। এর মধ্যে রয়েছে ২০২৫ সালের সেপ্টেম্বরে কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত ১,৫০০ কোটি টাকার উৎসাহদান প্রকল্প। ‘ব্ল্যাক মাস’কে দেশের ভেতরেই রেখে দেওয়ার ফলে, এই প্রকল্পের আওতায় গড়ে ওঠা পুনর্ব্যবহার কেন্দ্রগুলির জন্য প্রয়োজনীয় কাঁচামালের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা সহজ হবে।
গুরুত্বপূর্ণ খনিজ উপাদানসমৃদ্ধ ব্যাটারি বর্জ্য ও ‘ব্ল্যাক মাস’-কে দেশের ভেতরেই প্রক্রিয়াজাত করার জন্য বিশ্বের বেশ কয়েকটি বড় অর্থনীতি যে পদক্ষেপ গ্রহণ করেছে, এটি তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
