ওয়েব ডেস্ক; ১৫ সেপ্টেম্বর: সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের অধীন ৬৮ ব্যাটালিয়নের জওয়ানরা অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার সময় আলাদা আলাদা ঘটনায় ৪৫ জন অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে।
১৩ সেপ্টেম্বর, সীমা চৌকি সিংগামোরার জওয়ানরা তিনটি পৃথক ঘটনায়, ৩৮ জন বাংলাদেশী ও ভারতীয় অনুপ্রবেশকারীকে তাদের দায়িত্বের এলাকা থেকে অবৈধভাবে ভারতীয় সীমান্তে প্রবেশের সময় আটক করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে ২০ জন মহিলা, ৪ জন শিশু এবং ৪ জন পুরুষ নাগরিক বাংলাদেশের বাসিন্দা এবং ৬ জন মহিলা, ৩ জন শিশু এবং ১ জন পুরুষ ভারতীয় নাগরিক। আটক ভারতীয় নাগরিকরা মহারাষ্ট্র, ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম ও শহরের বাসিন্দা এবং বাংলাদেশি নাগরিকরা বাঘেরহাট, বরিশাল, কক্সবাজার, ফিরোজপুর, খুলনা, যশোর, গাজীপুর এবং গোপালগঞ্জ জেলার বাসিন্দা।
এর পাশাপাশি, অন্য একটি ঘটনায়, ৬৮ ব্যাটালিয়নের সীমা চৌকি রানঘাটের জওয়ানরা দুটি পৃথক ঘটনায় অবৈধভাবে ভারত-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করার সময় ৭ অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে। গ্রেফতারকৃত বাংলাদেশী নাগরিকদের মধ্যে ৩ জন মহিলা ও ১ জন পুরুষ এবং ভারতীয় নাগরিকদের মধ্যে ২ জন পুরুষ ও ১ জন মহিলা দালাল রয়েছে। আটক বাংলাদেশিরা বরিশাল, মানিকগঞ্জ ও যশোর জেলার বাসিন্দা এবং ভারতীয় দালালরা উত্তর চব্বিশ পরগনা জেলার সীমান্ত গ্রাম কুলিয়া ও ওলডাঙ্গার বাসিন্দা।
জিজ্ঞাসাবাদে আটক বাংলাদেশি নাগরিকদের জবানবন্দিতে জানা গেছে, বাংলাদেশিরা উন্নত জীবন-জীবিকা ও অর্থ উপার্জনের উদ্দেশ্যে ভারতের বিভিন্ন শহরে আসছিল। এছাড়া ভারতীয় নাগরিকরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা তাদের আত্মীয়দের সঙ্গে দেখা করতে বাংলাদেশে যাচ্ছিল।
আটককৃত বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের জব্দকৃত মালামালসহ বাগদা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ কে আর্য, ডিআইজি, জনসংযোগ আধিকারিক, বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার বলেছেন যে সীমান্তে অবৈধ চলাচল বন্ধ করতে সীমান্ত নিরাপত্তা বাহিনী কঠোর পদক্ষেপ নিচ্ছে। যার কারণে এ ধরনের অপরাধের সাথে জড়িত ব্যক্তিরা অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে এবং বিএসএফ ক্রমাগত এ ধরনের অপরাধে জড়িত দালালদের ধরে পুলিশে সোপর্দ করছে। অফিসার কঠোর ভাষায় বলেন যে সীমান্ত নিরাপত্তা বাহিনী কোনো অবস্থাতেই তাদের এলাকা থেকে এ ধরনের অনুপ্রবেশের অনুমতি দেবেন না।
