ওয়েব ডেস্ক; ১২ ফেব্রুয়ারি : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) দেশব্যাপী আর্থিক সচেতনতা বৃদ্ধির ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি আর্থিক সাক্ষরতা সপ্তাহ ২০২৬ পালন করছে। গত ৯ ফেব্রুয়ারি, মুম্বই-এ আরবিআই-র গভর্নর সঞ্জয় মালহোত্রা এই সপ্তাহের উদ্বোধন করেন।

রিজার্ভ ব্যাঙ্ক ২০১৬ সাল থেকে প্রতি বছর আর্থিক সাক্ষরতা সপ্তাহ পালন করে আসছে। প্রতি বছর জনসংখ্যার নির্দিষ্ট অংশকে লক্ষ্য করে একটি বিশেষ বিষয় নির্ধারণ করা হয়। এই উদ্যোগের উদ্দেশ্য লক্ষ্যভিত্তিক সচেতনতা ও জনসংযোগ কর্মসূচির মাধ্যমে গুরুত্বপূর্ণ আর্থিক বার্তা প্রচার করা।

আর্থিক সাক্ষরতা সপ্তাহ ২০২৬-এর বিষয়- “কেওয়াইসি – নিরাপদ ব্যাঙ্কিং-এর পথে আপনার প্রথম পদক্ষেপ।” এই বিষয়টি নিরাপদ ও বিশ্বাসযোগ্য ব্যাঙ্কিং ব্যবস্থার ভিত্তি হিসেবে ‘নো ইওর কাস্টমার’ (কেওয়াইসি) বা ‘আপনার গ্রাহক সম্পর্কে জানুন’-এর গুরুত্বকে তুলে ধরে। কেওয়াইসি একটি নিয়ন্ত্রক সংক্রান্ত প্রয়োজনীয়তা হলেও গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করা এবং আর্থিক ব্যবস্থার অখণ্ডতা সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

গত বছর আর্থিক অন্তর্ভুক্তি প্রকল্পসমূহের পরিপূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে গ্রাম পঞ্চায়েত স্তরে দেশব্যাপী যে প্রচার অভিযান পরিচালিত হয়েছিল, তার ধারাবাহিকতায় এই সপ্তাহে রিজার্ভ ব্যাঙ্ক জনসচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা আরও মজবুত করবে। পূর্ববর্তী অভিযানে ব্যাঙ্ক ও সংশ্লিষ্ট অংশীদারদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়, যার মধ্যে পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বিভিন্ন অঞ্চল অন্তর্ভুক্ত ছিল। ব্যাঙ্কিং পরিষেবা নিরবচ্ছিন্ন রাখতে যোগ্য অ্যাকাউন্ট-ধারীদের জন্য সময়মতো কেওয়াইসি হালনাগাদ নিশ্চিত করতে বৃহৎ পরিসরে কেওয়াইসি কার্যক্রম পরিচালিত হয়েছিল।

আর্থিক সাক্ষরতা সপ্তাহ ২০২৬ চলাকালীন বিভিন্ন নিরাপদ মাধ্যমে সহজ ও সুবিধাজনকভাবে কেওয়াইসি সম্পন্ন করার বিষয়ে জনসাধারণকে শিক্ষিত করার উপর বিশেষ জোর দেওয়া হবে। পাশাপাশি, প্রক্রিয়াকে সহজতর করতে কেন্দ্রীয় কেওয়াইসি সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং কেওয়াইসি হালনাগাদ সংক্রান্ত প্রতারণামূলক ফোন, বার্তা ও লিঙ্ক সম্পর্কে গ্রাহকদের সতর্ক করা হবে। প্রলোভনের ফাঁদে পা দিয়ে অর্থ পাচারের বাহক হিসেবে ব্যবহৃত হওয়ার ঝুঁকি ও তার গুরুতর পরিণতি সম্পর্কেও জনসাধারণকে সচেতন করা হবে।

এই সপ্তাহ জুড়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কলকাতা, ব্যাঙ্ক ও অন্যান্য অংশীদারদের সহযোগিতায় পশ্চিমবঙ্গ রাজ্য এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বিভিন্ন স্থানে সচেতনতা কর্মসূচি, শিবির, ডিজিটাল উদ্যোগ এবং সম্প্রদায়ভিত্তিক জনসংযোগ কার্যক্রম আয়োজন করবে।

রিজার্ভ ব্যাঙ্ক সকল অংশীদারকে আর্থিক সাক্ষরতা সপ্তাহ ২০২৬-এর থিমের আওতায় মূল বার্তাসমূহ প্রচারে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে এবং জোর দিয়ে বলেছে যে, কেওয়াইসি কেবলমাত্র একটি নিয়ন্ত্রক বিষয়ক প্রয়োজন নয়, সকলের জন্য নিরাপদ, সুরক্ষিত ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক পরিবেশ নিশ্চিত করার-ও একটি অপরিহার্য পদক্ষেপ।