ওয়েব ডেস্ক; ১০ আগস্ট: বিশ্ব সিংহ দিবসে কেন্দ্রীয় পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দর যাদব সিংহের সংরক্ষণের ভারতের সাফল্যের কথা তুলে ধরেছেন। বন্যপ্রাণ এবং জীববৈচিত্র্য রক্ষায় ভারতের দৃঢ় সংকল্পের কথাও তিনি জানান।

সামাজিক মাধ্যমে মন্ত্রী বলেন, ২০১৫ সালে এশিয়াটিক সিংহের সংখ্যা ছিল ৫২৩। ২০২৫ সালে তা বৃদ্ধি পেয়ে ৮৯১-এ পৌঁছেছে। বন বিভাগের আধিকারিক, বন্যপ্রাণী সংরক্ষণের উৎসাহী এবং স্থানীয় সম্প্রদায়ের অধ্যবসায়ের কারণে এই সাফল্য অর্জিত হয়েছে। এঁরা নিরলসভাবে বিভিন্ন বন্যপ্রাণীকে রক্ষা করে চলেছেন।

কেন্দ্রীয় পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং সামাজিক মাধ্যমে আর একটি বার্তায় জানিয়েছেন, বিরল প্রজাতির প্রাণীদের রক্ষা করে, দেশের সংরক্ষণ কর্মসূচিকে শক্তিশালী করে এবং সকলের সঙ্গে সহাবস্থানের নীতি অনুসরণ করে উন্নয়ন ও প্রকৃতির মধ্যে সমন্বয় বজায় রাখার দৃষ্টান্ত ভারত দেখিয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২০ সালের ১৫ অগাস্ট সিংহের দীর্ঘমেয়াদী সংরক্ষণের উদ্দেশ্যে ‘প্রজেক্ট লায়ন’ কর্মসূচির ঘোষণা করেন। সিংহের বিচরণস্থল ২০২০ সালে ছিল ৩০,০০০ বর্গ কিলোমিটার। বর্তমানে তা বৃদ্ধি পেয়ে ৩৫,০০০ বর্গ কিলোমিটার হয়েছে। এই প্রকল্পে জীববৈচিত্র্য সংরক্ষণ, বিভিন্ন প্রজাতির সহাবস্থান নিশ্চিত করা, বন্যপ্রাণীর অসুখ হলে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং বিজ্ঞানসম্মত পদ্ধতিতে বন্যপ্রাণীর বিভিন্ন প্রজাতির সংখ্যা গণনা করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রকল্পের সুবিধা যাতে এলাকার মানুষের কাছে পৌঁছায়, সেটিও নিশ্চিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *