ওয়েব ডেস্ক; ৬ আগস্ট: কয়লা মন্ত্রক কয়লা খনি নিলাম থেকে অগ্রিম হিসেবে পাওয়া ৭০৪ কোটি টাকা দিয়েছে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা, পশ্চিমবঙ্গ – এই ছয়টি রাজ্যকে যাদের কয়লার ভাণ্ডার আছে। এই আর্থিক হস্তান্তর রাজ্যগুলির উন্নয়নে এবং ক্ষমতায়নে সহায়তা করার লক্ষ্যে একটি উল্লেখযোগ্য উদ্যোগ।

১৮টি কয়লা খনি সফলভাবে নিলাম করা হয়েছে বাণিজ্যিক কয়লা খনি নিলামের ষষ্ঠ দফায় এবং পঞ্চম দফার দ্বিতীয় প্রচেষ্টায়। এর থেকে অগ্রিম হিসেবে পাওয়া গেছে ৭০৪ কোটি টাকা। এর মধ্যে পশ্চিমবঙ্গ পেয়েছে ১৮ কোটি ৭৫ লক্ষ টাকা।

কোল মাইন ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোডাকশন এগ্রিমেন্ট (সিএমডিপিএ) সংস্কারের ফলেই এই উল্লেখযোগ্য ফলাফল পাওয়া গেছে। সিএমডিপিএ সূত্র অনুসারে সফল বিডাররা কয়লা মন্ত্রককে অগ্রিম হিসেবে প্রথম কিস্তিটি জমা দিয়েছে। উল্লেখযোগ্য, বাকি তিনটি কিস্তি বিডাররা সরাসরি প্রদান করবে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকে। ফলে রাজ্যগুলির উন্নয়নে তাদের অবদান আরও বৃদ্ধি পাবে।

প্রদত্ত এই অর্থ রাজ্য সরকারগুলি ব্যবহার করবে তাদের অঞ্চলের উন্নয়নে। পরিকাঠামো উন্নয়ন, শিক্ষার সুবিধা, স্বাস্থ্য পরিষেবা এবং বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগে সমর্থ হবে রাজ্য সরকারগুলি। ফলে, স্থানীয় বাসিন্দাদের উন্নতি হবে এবং সার্বিক উন্নয়নও ঘটবে।

বাণিজ্যিকভাবে কয়লা উৎপাদন শুরু হওয়ার পর থেকে রাজ্য সরকারগুলি উল্লেখযোগ্য পরিমাণে রাজস্ব পাচ্ছে কয়লাক্ষেত্রগুলি থেকে। এছাড়াও, কয়লা খনিগুলি চালু হয়ে গেলে সেগুলি থেকে রয়্যালটি এবং মাসিক প্রিমিয়াম মিলবে যার থেকে সমৃদ্ধ হবে রাজ্যগুলি। এই খনিগুলি থেকে প্রাপ্ত রাজস্ব রাজ্যগুলি ব্যবহার করতে পারবে প্রয়োজনীয় কল্যাণমূলক কর্মসূচি, প্রান্তিক মানুষের উন্নতির জন্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পে সহায়তা করতে।

সূত্র: পি আই বি