ওয়েব ডেস্ক; ৩১ জানুয়ারি: সাবমেরিন বিধ্বংসী (এএসডব্লিউ এসডব্লিউসি) প্রকল্পে অগভীর জলের সপ্তম রণতরী (৫২৯ মছলিপত্তনম) নির্মাণের আনুষ্ঠানিক শুভারম্ভ হল। দক্ষিণাঞ্চল নৌ-কম্যান্ডের চিফ অফ স্টাফ রিয়ার অ্যাডমিরাল উপল কুন্ডু, নৌ-বাহিনী এবং সিএসএল-এর পদস্থ আধিকারিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই রণতরীর বেশিরভাগ সামগ্রী এবং সহায়ক সরঞ্জাম ব্যবস্থা দেশে তৈরি, যা সরকারের আত্মনির্ভর ভারতের উজ্জ্বল দৃষ্টান্তকে তুলে ধরে। ষষ্ঠ রণতরীর ডিসেম্বর, ২০২৪-এ আনুষ্ঠানিকভাবে কাজ শুরুর কিছুদিনের মধ্যেই সপ্তম রণতরীর কাজ শুরু নিঃসন্দেহে এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত। ইতিপূর্বে, সিএসএল-এর চতুর্থ এবং পঞ্চম রণতরী সেপ্টেম্বর, ২০২৪-এ জলে ভাসানোর মধ্য দিয়ে ভারতীয় নৌ-বাহিনীর উত্তরোত্তর চাহিদা মেটাতে ভারতীয় জাহাজ নির্মাতাদের দৃঢ় প্রয়াসকে তুলে ধরে।

আটটি এএসডব্লিউ এসডব্লিউসি সিরিজের রণতরী তৈরির দায়িত্ব প্রতিরক্ষা মন্ত্রক কোচিন শিপইয়ার্ড লিমিটেডকে দেয় ৩০ এপ্রিল, ২০১৯। ‘মাহে’ শ্রেণীর এই জাহাজগুলি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এবং এগুলিতে অত্যাধুনিক জলের নিচের সেন্সর রয়েছে। কম তীব্রতায় সামুদ্রিক অভিযান চালাতে এবং মাইন বিছানোর কাজেও তারা সক্ষম।

এই প্রকল্পের প্রথম জাহাজটি ২০২৫-এর শুরুতে নৌ-বাহিনীর হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। ভারতীয় নৌ-বাহিনীর সাবমেরিন বিধ্বংসী যুদ্ধ সক্ষমতা প্রসারে নির্মিত এএসডব্লিউ এসডব্লিউসি সিরিজের জাহাজ নির্মাণে ভারতীয় জাহাজ নির্মাণ সংস্থাগুলির একদিকে যেমন দক্ষতা বৃদ্ধি পাচ্ছে, সেইসঙ্গে কর্মসংস্থানেরও প্রসার ঘটছে।