ওয়েব ডেস্ক ; ৩১ জানুয়ারি : ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীন যুব বিষয়ক দফতর ৩ থেকে ৭ মার্চ ২০২৫ ব্রিকস যুব পরিষদ উদ্যোগ কর্মিগোষ্ঠীর বৈঠকের আয়োজন করবে। এই বৈঠকের আলোচ্য বিষয় “সুস্থায়ী বিকাশের জন্য যুব উদ্যোগ”। ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির থেকে প্রায় ৪৫ জন যুব প্রতিনিধি এই বৈঠকে যোগ দেবেন।

কর্মিগোষ্ঠীর এই বৈঠকে ভারত ব্রিকস যুব পরিষদের প্রতিনিধিদের সামনে নীতিগত বিষয়, কর্মসূচি এবং উদ্যোগ ক্ষেত্রের সহযোগিতা সম্পর্কের সম্ভাবনা নিয়ে মত বিনিময় মঞ্চ গড়ে দেওয়া হবে। প্রতিনিধিরা যুব সম্পর্কিত কর্মক্ষেত্র নিয়ে তাদের মতামত বিনিময় করতে পারবেন। এছাড়াও ব্রিকসভুক্ত দেশগুলির মধ্যে সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনার সুযোগ পাবেন। আলোচ্য বিষয়গুলির মধ্যে থাকছে, ব্রিকস যুব পরিষদের প্রতিষ্ঠা ও উদ্যোগ কর্মিগোষ্ঠী, উদ্যোগক্ষেত্রে ব্রিকসভুক্ত দেশগুলির মধ্যে যুব সহযোগিতার ক্ষেত্র ও কর্ম পরিকল্পনা গড়ে তোলা প্রভৃতি।

ব্রিকস যুব পরিষদ উদ্যোগ কর্মিগোষ্ঠীর বৈঠকে প্রাসঙ্গিক ক্ষেত্রগুলিতে যুবদের মধ্যে সহযোগিতার মনোভাব গড়ে তুলতে যুব বিষয়ক দফতর দেশজুড়ে বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পরপর ৮ টি অনুষ্ঠানের আয়োজন করে।

তৃণমূল স্তরে বৃহত্তর জনক্ষেত্রে উদ্যোগের বিষয় নিয়ে ভারতের কর্মসূচি ছড়িয়ে দিতে স্বাস্থ্যকর আলোচনার একটি বাতাবরণ গড়ে তোলাই এই সব আলোচনাচক্রের উদ্দেশ্য। যুব বিষয়ক নানা বিষয় নিয়ে প্রতিভাবান যুব বক্তাদের সামনে আলোচনার সুযোগ করে দিতেই এই উদ্যোগ।

আলোচনাচক্রের প্রথমটি ১৫ জানুয়ারী ২০২৫ দিল্লি বিশ্ববিদ্যালয়ের মিরান্ডা হাউসে, দ্বিতীয়টি ১৭ জানুয়ারী ২০২৫ দিল্লির মাতাসুন্দরী কলেজ ফর উইমেন-এ, তৃতীয়টি জম্মু ও কাশ্মীরের আইআইএম জম্মুতে ২৪ জানুয়ারী ২০২৫-এ এবং চতুর্থটি গুজরাটের গান্ধীনগরের এনএফএসইউ- তে ২৮ জানুয়ারী ২০২৫ -এ আয়োজন করা হয়।

এর পরবর্তীকালে আয়োজিত আলোচনাচক্রগুলির মধ্যে পঞ্চমটি সম্ভবত ৪ ফেব্রুয়ারি ২০২৫ ওড়িশার কেআইআইটিতে অনুষ্ঠিত হবে। এরপর ষষ্ঠ অনুষ্ঠানটি আসামের গুয়াহাটি আইআইটিতে ৭ ফেব্রুয়ারি ২০২৫ এবং সপ্তমটি ১১ ফেব্রুয়ারি ২০২৫ কর্ণাটকের বেঙ্গালুরুতে আইআইএসসি-তে অনুষ্ঠিত হবে।

এই সব আলোচনাচক্রের মধ্যে দিয়ে সমসাময়িক বৈশ্বিক বিষয়গুলি সম্বন্ধে দেশের যুব সম্প্রদায়ের মধ্যে কেবল যে স্বচ্ছ ধারণাই গড়ে উঠবে তাই নয়, বহুমুখী মঞ্চের গুরুত্ব অনুধাবন করে আন্তর্জাতিক প্রেক্ষাপটে তারা নিজেদেরকে গড়েও তুলতে পারবে।