ওয়েব ডেস্ক; ২৭ সেপ্টেম্বর : ‘কোয়াড-অ্যাট-সি শিপ অবজার্ভার মিশন’-এর অংশ হিসেবে, ২৫ সেপ্টেম্বর ভারতের উপকূলরক্ষী বাহিনীর (আইসিজি) জাহাজ ‘শৌনক’ চেন্নাই থেকে অস্ট্রেলিয়ার পার্থের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কোয়াডভুক্ত দেশগুলোর – অর্থাৎ ভারত, অস্ট্রেলিয়া, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের – মধ্যে সামুদ্রিক সহযোগিতা ও পারস্পরিক কার্যক্ষমতার সমন্বয় বৃদ্ধির ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

পারস্পরিক কার্যক্ষমতার সমন্বয় বৃদ্ধি ও জোরদার এবং পারস্পরিক আস্থা গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত বিভিন্ন কর্মসূচি ও পেশাগত মতবিনিময়ে অংশ নিতে ছয়জন ‘সি-রাইডার’ – ‘শৌনক’ জাহাজে আরোহণ করেছেন।

ভারত ও জাপান থেকে দুজন করে এবং অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একজন করে আধিকারিক এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

২৬ মে ২০২৬-এর ‘কোয়াড’বিদেশমন্ত্রীদের যৌথ বিবৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এই উদ্যোগটি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি অবাধ, উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং নিয়ম-ভিত্তিক সামুদ্রিক ব্যবস্থা বজায় রাখার বিষয়ে ‘কোয়াড’ভুক্ত দেশগুলোর যৌথ অঙ্গীকারকে প্রতিফলিত করে।

এই অভিযানটি ‘মহাসাগর’ (বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা ও উন্নয়নের লক্ষ্যে পারস্পরিক ও সামগ্রিক অগ্রগতি) বিষয়ক ভারতের সামুদ্রিক দৃষ্টিভঙ্গি এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যৌথ অংশগ্রহণ, পেশাগত সংযোগ ও নিরাপদ সামুদ্রিক পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর (আইসিজি) নিষ্ঠাকে তুলে ধরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *