ওয়েব ডেস্ক; ৮ মার্চ : আগামী ২৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত ছত্তিশগড়ের তিনটি শহর – রাইপুর, জগদালপুর এবং সারগুজায় খেলো ইন্ডিয়া আদিবাসী ক্রীড়া অনুষ্ঠিত হতে চলেছে। বৃহস্পতিবার একথা জানিয়েছেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া।
এই প্রতিযোগিতায় থাকছে সাতটি বিভাগ। এগুলি হল – অ্যাথলেটিক্স, ফুটবল, হকি, ভারোত্তলন, তিরন্দাজ, সাঁতার এবং কুস্তি।
ডঃ মান্ডভিয়া বলেন, সম্ভাবনাময় তরুণ প্রতিভা তুলে আনার ক্ষেত্রে খেলো ইন্ডিয়া বিশেষ ভূমিকা পালন করে চলেছে। তিনি বলেন, দেশের নানা প্রান্তের ক্রীড়া প্রতিভা তুলে আনার লক্ষ্যে সরকার ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। খেলো ইন্ডিয়া আদিবাসী ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর উদ্যোক্তা হল কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, ভারতীয় অলিম্পিক সংস্থা, জাতীয় ক্রীড়া ফেডারেশন এবং ছত্তিশগড়ের রাজ্য আয়োজক সংস্থা। ছত্তিশগড় এই প্রথম এই ধরনের এক প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে।
